দায়িত্ব পালনকালে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৪৯ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জ ও গাজীপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের দেখতে আজ ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরে শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী আহত বিজিবি সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁদের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি আহত সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখে গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় খুলনা সেক্টর সদর দপ্তরে কর্মরত নায়েক মোঃ মনির হোসেন (৪০) মাথায় আঘাতপ্রাপ্ত হন। প্রথমে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ২১ নভেম্বর তাঁকে পিলখানাস্থ শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। 

এর আগে গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখে গাজীপুর শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে উচ্ছৃঙ্খল শ্রমিকদের ছোঁড়া ইটের আঘাতে গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ খালেকুজ্জামান (৪৭) এবং সিপাহী (সিগন্যাল) রঞ্জু মিয়া (২৫) আহত হন। এতে লেফটেন্যান্ট কর্নেল মোঃ খালেকুজ্জামানের ডান হাতের তিনটি আঙুলের হাড় ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। একই ঘটনায় সিপাহী রঞ্জু মিয়ার ডান হাতের হাড় ভেঙে যায় এবং ডান হাত ও বাম পায়ের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়।

আরও পড়ুন: কারাগারে বন্দী যুব মহিলা লীগ নেত্রীর প্রতিবন্ধী ছেলের মৃত্যু, কারাফটকে শেষ দেখা

বর্তমানে আহত তিনজন বিজিবি সদস্যই উক্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উভয় ঘটনায় হামলার শিকার হয়েও বিজিবি সদস্যরা সরকারের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে সর্বোচ্চ ধৈর্য, সংযম ও পেশাদারত্বের পরিচয় দেন। নিজেদের নিরাপত্তার ঝুঁকি সত্ত্বেও সাধারণ জনগণের জানমালের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

বিজিবি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনজীবনে শান্তি, নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের নির্দেশনা অনুসরণ করে বিজিবি সর্বোচ্চ সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে। তবে সাধারণ জনগণের জানমালের সুরক্ষা এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনে আইনানুগ কঠোর পদক্ষেপ গ্রহণেও বিজিবি পিছপা হবে না।