ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য ৩০ শতাংশ কোটা

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ৩:০৯ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শিক্ষার্থীদের বোরকা ও নিকাব পরা নিষিদ্ধ করে এবং শ্রেণিকক্ষে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর সংখ্যা সীমিত করে নতুন শিক্ষা সংস্কার আইন পাস করেছে দেশটির পার্লামেন্ট। নতুন আইন অনুযায়ী, স্কুল চলাকালে মুখ ঢেকে রাখে এমন পোশাক পরলে সর্বোচ্চ ১ হাজার ইউরো জরিমানা হতে পারে। অন্যদিকে, প্রথম বর্ষের শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর উপস্থিতি সর্বোচ্চ ৩০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষ ‘চেম্বার অব ডেপুটিজে’ আইনটি পাস হয়। ভোটাভুটিতে বিলের পক্ষে ১৪২টি এবং বিপক্ষে ১১২টি ভোট পড়ে। চারজন সংসদ সদস্য ভোটদানে বিরত ছিলেন। এর আগে ২০ নভেম্বর উচ্চকক্ষ সিনেটে বিলটি পাস হয়েছিল। ফলে পার্লামেন্টের উভয় কক্ষের অনুমোদন পেল শিক্ষা সংস্কার আইনটি।

আরও পড়ুন: ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭২৬ হামলা সেনাবাহিনীর , নিহত ১২১ হুথি যোদ্ধা

নতুন আইনে স্কুল চলাকালে বোরকা, নিকাবসহ মুখ সম্পূর্ণ ঢেকে রাখে এমন পোশাক পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ ১ হাজার ইউরো জরিমানার বিধান রাখা হয়েছে। কোনো নাবালক শিক্ষার্থী এই আইন ভঙ্গ করলে তার বাবা-মা অথবা আইনগত অভিভাবককে দায়ী করা হবে।

শুধু পোশাকের বিধিনিষেধই নয়, বিদেশি শিক্ষার্থীদের উপস্থিতি নিয়েও নতুন নিয়ম করেছে ইতালি সরকার। শিক্ষা সংস্কার আইনে প্রথম বর্ষের শ্রেণিগুলোতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তবে ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা থাকা শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সীমা প্রযোজ্য হবে না।

আরও পড়ুন: মিসরে জ্বালানিবাহী যানবাহনে ভয়াবহ আগুন, নিহত ৩০

এ ছাড়া বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শেখার কোর্স চালুর ব্যবস্থাও রাখা হয়েছে। এর উদ্দেশ্য হিসেবে ভাষাগত দক্ষতা বাড়ানো এবং বিদেশি শিক্ষার্থীদের ইতালির শিক্ষা ব্যবস্থার মূলধারায় যুক্ত করার কথা জানিয়েছে সরকার।

আইনটি পাসের পর ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, এটি বৃহত্তর শিক্ষা সংস্কার কার্যক্রমের অংশ। এর লক্ষ্য ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের কার্যক্রম যথাসময়ে শুরু করা, ন্যাশনাল রিকভারি অ্যান্ড রেজিলিয়েন্স প্ল্যানের (পিএনআরআর) আওতায় বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন এবং বিদেশি শিক্ষার্থীদের মূলধারায় অন্তর্ভুক্তিতে সহায়তা করা।

এর আগে গত ২১ সেপ্টেম্বর মিলানে এক জনসভায় শিক্ষা সংস্কারের পরিকল্পনার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সেখানে স্কুলে মুসলিম ছাত্রীদের বোরকা ও নিকাব পরার বিষয়ে তিনি বলেছিলেন, শিক্ষার্থীদের মুখ খোলা রেখে স্কুলে আসতে হবে। ইতালিতে এমন কোনো সংস্কৃতিকে উৎসাহিত করা হবে না, যা কিশোরী বা তরুণীদের মুখ ঢেকে রাখতে উৎসাহ দেয়।

বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা সীমিত করার পক্ষে যুক্তি তুলে ধরে মেলোনি বলেছিলেন, যেসব বিদেশি শিক্ষার্থী ইতালির শিক্ষা ব্যবস্থার সঙ্গে মানিয়ে নিতে সমস্যায় পড়ছে, তাদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে স্কুলে বোরকা ও নিকাব নিষিদ্ধ করার বিষয়টিও সংস্কার প্রস্তাবে অন্তর্ভুক্ত করার কথা জানান তিনি।

পরে ২৫ সেপ্টেম্বর এ বিষয়ে অধ্যাদেশ জারি করে মেলোনির নেতৃত্বাধীন মন্ত্রিসভা। সেই অধ্যাদেশ জারির প্রায় দুই মাস পর পার্লামেন্টের উভয় কক্ষে অনুমোদন পেল নতুন শিক্ষা সংস্কার আইন।

তবে আইনটি নিয়ে ইতালির রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধী দলগুলো এর সমালোচনা করে বলেছে, নতুন আইন দেশটির শিক্ষা ব্যবস্থার মৌলিক সমস্যাগুলোর সমাধান করতে পারবে না। বরং বিদেশি ও স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে বিভাজন বাড়ানোর ঝুঁকি তৈরি করতে পারে।