ডাকাত তৌহিদ গ্রেফতার, আন্তজেলা অপরাধচক্রে সাবেক চেয়ারম্যানের সংশ্লিষ্টতার অভিযোগ
ছবিঃ সংগৃহীত
কক্সবাজারের চকরিয়ায় আন্তজেলা ডাকাত দলের সর্দার তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ ডাকাত গ্রেফতারের পর অপরাধচক্রের চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। হত্যা, অপহরণ, ডাকাতি, চুরি, ছিনতাই, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে ২৫টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে ৪০–৫০ সদস্যের একটি ডাকাত বাহিনী পরিচালনা এবং সাবেক এক ইউপি চেয়ারম্যানের সংশ্লিষ্টতার অভিযোগও উঠে এসেছে।
চকরিয়া থানা পুলিশ জানায়, পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমানের নির্দেশনায়, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজের তত্ত্বাবধানে এবং ওসি আরিফুর রহমানের নেতৃত্বে চকরিয়া থানা, রামু থানা ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ দল অভিযান চালিয়ে গত ২৫ নভেম্বর ভোর সাড়ে ৪টার দিকে বরইতলী ইউনিয়নের রসুলাবাদ এলাকা থেকে তৌহিদকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, লুণ্ঠিত ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেল ও তিনটি গোল্ডেন কালারের ইমিটেশন চেইনসহ মালামাল উদ্ধার করা হয়।
একই রাতে দুই বাড়িতে ডাকাতি-
পুলিশের তথ্যমতে, ১২ নভেম্বর রাতে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি উত্তরপাড়ায় একটি বাড়িতে ডাকাতরা জানালার গ্রিল কেটে ও দরজার তালা ভেঙে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি, মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। পরে ১৭ ভরি স্বর্ণালংকার, দুটি স্মার্টফোন, ইমিটেশন চেইন ও ইয়ামাহা মোটরসাইকেলসহ মালামাল লুট করে। এ ঘটনায় তৌহিদসহ নয়জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ৬–৭ জনের বিরুদ্ধে ২৫ নভেম্বর চকরিয়া থানায় মামলা হয়।
একই রাতে ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতার বিল এলাকায় আরেকটি বাড়িতে ডাকাতি হয়। গ্রিল কেটে প্রবেশ করে পরিবারের সদস্যদের জিম্মি ও মারধর করে তিনটি মোবাইল ফোন, নগদ ৩ লাখ ৫ হাজার টাকা এবং প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার লুট করা হয়। লুণ্ঠিত স্বর্ণের আনুমানিক মূল্য ৩১ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় ১৩ নভেম্বর চকরিয়া থানায় মামলা রুজু হয়।
গিয়াস হত্যা মামলার প্রধান আসামি-
চকরিয়া থানার ওসি আরিফুর রহমান জানায়, তৌহিদ চকরিয়ার আলোচিত গিয়াস উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি। মামলার বিবরণ অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর ২০২৫ রাত আনুমানিক ২টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মাতামুহুরী সেতুতে পৌঁছলে গিয়াসকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। পরে মারধর ও মাথায় টর্চ দিয়ে আঘাত করে জোরপূর্বক গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেতুর ওপর তার মরদেহ ফেলে রাখা হয় বলে অভিযোগ। গিয়াসের স্ত্রী জন্নতুল নাঈম আফসানা বাদী হয়ে মামলা করেন। ১ অক্টোবর ২০২৫ চকরিয়া থানায় মামলাটি রুজু হয়।
সাবেক চেয়ারম্যানের সংশ্লিষ্টতার অভিযোগ-
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে শাহারবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবী হোসাইন প্রকাশ নইব্যা চোরের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি তৌহিদের অপরাধী চক্রের সেকেন্ড ইন কমান্ড হিসেবে ভূমিকা পালন করতেন বলে প্রাথমিক তথ্য রয়েছে। তার বিরুদ্ধেও একাধিক মামলার তথ্যও পুলিশের কাছে রয়েছে। তবে অভিযোগের ধরন ও সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তাধীন। তৌহিদের স্ত্রী রুমা আক্তারের নামও সহযোগী হিসেবে প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে বলে পুলিশ জানায়। ডাকাতির অর্থে স্ত্রী ও নিজের নামে-বেনামে সম্পদ গড়ে তোলার অভিযোগ তদন্ত করছে পুলিশ।
ডাকাতির অর্থে বাড়ি ও সম্পদ গড়ার অভিযোগ
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে তৌহিদের চকরিয়ার কাকারা ইউনিয়নের উত্তর লোটনী এলাকায় তিনতলা বাড়ি এবং বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ির তথ্য পাওয়া গেছে। এসব স্থাপনায় লুণ্ঠিত মালামাল রাখা ও ডাকাতদের মধ্যে ভাগবণ্টন করা হতো বলে তথ্য পাওয়া গেছে।
এ ছাড়া চকরিয়া, কক্সবাজার সদর ও চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক এলাকায় নিজের, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠদের নামে সম্পদ গড়ে তোলার অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।
৪০–৫০ সদস্যের ডাকাত বাহিনী সক্রিয় থাকার দাবি
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজ জানান, তৌহিদের নেতৃত্বে প্রায় ৪০–৫০ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত বাহিনী সক্রিয় ছিল। ডাকাতির অর্থ দিয়ে সদস্যদের বাড়িঘর ও সম্পদ গড়ে তুলতে উৎসাহিত করা এবং বিভিন্ন অপরাধে ব্যবহার করার অভিযোগ রয়েছে। তিনি আরো বলেন বাসাবাড়ি, গরু-মহিষ, চিংড়ি ঘের ও মহাসড়কে ডাকাতির ঘটনায় চক্রটির সংশ্লিষ্টতা তদন্ত করছে পুলিশ।
কক্সবাজার জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা বিঘ্নকারী সংঘবদ্ধ ডাকাত দল, সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আন্তজেলা অপরাধচক্রের সদস্যদের শনাক্ত, অপরাধলব্ধ সম্পদের উৎস অনুসন্ধান এবং সহযোগীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম চলমান রয়েছে।





