ফুলবাড়ীতে মাঠে বাঁধাকপি ৫ টাকা, বাজারে ২৫

Sadek Ali
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৫৭ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বাঁধাকপির ভালো ফলন হয়েছে। কিন্তু দাম না পাওয়ায় লাভের বদলে লোকসান গুনছেন কৃষকরা। মাঠে প্রতিকেজি বাঁধাকপি বিক্রি হচ্ছে আকার ও প্রকার ভেদে ৫ থেকে ৭ টাকা। অথচ খুচরা বাজারে সেই কপি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে। উৎপাদন খরচ তুলতে না পেরে অনেক কৃষক জমির কপি কেটে গবাদি পশুকে খাওয়াচ্ছেন। একই সময়ে প্রচুর সবজি বাজারে ওঠায় এবং সংরক্ষণ ব্যবস্থার অভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করেন কৃষি বিভাগ।

কৃষি বিভাগের মতে, অনুকূল আবহাওয়ায় এবার উপজেলার বিভিন্ন এলাকার মাঠে বাঁধাকপির ফলন ভালো হয়েছে। এক সঙ্গে বেশি কপি বাজারে আসায় দাম পড়ে গেছে। মাঠ পর্যায়ে কম দামে বিক্রি করেও কৃষকের উৎপাদন খরচ উঠছে না।

আরও পড়ুন: কুলাউড়ায় মুহিবুর রহমান মজুমদারের ইন্তেকাল

কৃষকদের ভাষ্য, ফসলের মাঠ থেকে সংগ্রহের পর ছোটবড় ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে কম দামে কপি কিনে নিচ্ছেন। ফলে উৎপাদিত সবজি বিক্রি করেও খরচ উঠছে না তাদের।

শনিবার (২৮ নভেম্বর) ফুলবাড়ী পৌরএলাকার পাইকারী সবজি বাজারে খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে প্রতি কেজি বাঁধাকপি বিক্রি হচ্ছে ৫ থেকে ৭ টাকা দরে। নভেম্বরের শুরুতে এ বাজারে প্রতি কেজি বাঁধাকপি দাম ছিল প্রায় ৪০ থেকে ৪৫ টাকা। ১৫ নভেম্বর বাঁধাকপি বিক্রি হয়েছে প্রতি কেজি ৩০-৩৫ টাকা, এবং ১৭ নভেম্বর বিক্রি হয়েছে প্রতি কেজি ২৫-২৮ টাকা, ২০ নভেম্বর বিক্রি হয়েছে প্রতি কেজি ১৫-১৭ টাকা, ২৫ নভেম্বর বিক্রি হয়েছে প্রতি কেজি ৭-৮ টাকা এবং আজ শনিবার (২৮ নভেম্বর) বিক্রি হয়েছে ৫-৭ টাকা কেজি দরে।  অর্থাৎ বাজারে বাঁধাকজপির দাম কয়েক দফায় ওঠানামা করলেও কৃষকের প্রত্যাশা পূরণ হয়নি।

আরও পড়ুন: সাভার-আশুলিয়ায় কাজে ফিরছেন শ্রমিকরা

বাঁধাকপি চাষি বুজরুক সমসেরনগর গ্রামের জাহাঙ্গীর আলম ও আবু বক্কর  জানান, গত বছরের তুলনায় এবার বাঁধাকপি চাষে বিঘাপ্রতি খরচ বেশি হয়েছে। জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিসহ সব খাতেই ব্যয় বেড়েছে। কিন্তু উৎপাদিত বাঁধাকপি বাজারে এনে বিক্রি করতে হচ্ছে কম দামে। এতে উৎপাদন খরচ উঠবে কি না, তা নিয়েই দুশ্চিন্তায় রয়েছেন তারা।

উপজেলা দক্ষিণ কিষ্টপুর গ্রামের কপি চাষি মোস্তাফিজুর রহমান বলেন, দেড় বিঘা জমিতে নিনজা জাতের বাঁধাকপি চাষ করেছেন। চারা, সেচ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বাবদ খরচ হয়েছে প্রায় ৩৫ হাজার টাকা। মাঠ থেকে আকার ও প্রকার ভেদে ৫ থেকে ৭ টাকা কেজি দরে কপি বিক্রি করে শ্রমিক ও পরিবহন খরচই উঠছে না। এখন পর্যন্ত ২৫ থেকে ২৭ হাজার টাকারকপি বিক্রি করেছেন। বাকি কপি জমি খালি করতে কেটে গবাদিপশুকে খাওয়াচ্ছেন।

উপজেলার পলিপাড়া গ্রামের সবজি চাষি মানিক চন্দ্র বলেন, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের খরচ বেড়েছে। অথচ উৎপাদিত সবজির দাম পাচ্ছেন না তারা। একদিকে মাঠে ক্রেতার কাছে কম দামে বিক্রি করতে হচ্ছে, অন্যদিকে বাজারে একই সবজি তুলনামূলক বেশি দামে বিক্রি হচ্ছে।

কৃষকরা উৎপাদিত সবজির ন্যায্যমূল্য নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনা ও বিপণনব্যবস্থা উন্নত করার দাবি জানিয়েছেন।  তাদের মতে, কৃষক ও ভোক্তার মধ্যে দামের ব্যবধান কমানো গেলে উভয়পক্ষ লাভবান হবেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, এ বছর উপজেলায় ৪২০ হেক্টর জমিতে বাঁধাকপি চাষ করা হয়েছে। এতে উৎপাদন হয়েছে ১৪ হাজার ৭০০ মেট্রিক টন কপি। এক সঙ্গে বেশি কপি উৎপাদন হওয়ায় দাম কিছুটা কমেছে। ধীরে ধীরে বাজার ভালো হওয়ার আশা করছেন তিনি।#