কালিয়াকৈরে বেতন বৃদ্ধির পর কাজে যোগ দিলেন পোশাক শ্রমিকরা
শ্রমিক আন্দোলনের কারণে বন্ধ থাকা গাজীপুরের কালিয়াকৈরের কয়েকটি পোশাক কারখানা আবার চালু হয়েছে। বেতন বৃদ্ধির সিদ্ধান্তের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে কাজে ফিরেছেন শ্রমিকরা।
জানা গেছে, কালিয়াকৈর উপজেলায় তিন শতাধিক শিল্পকারখানা রয়েছে। সম্প্রতি শ্রমিকদের আন্দোলনের মুখে কয়েকটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি ১ হাজার ৭০০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের পর পরিস্থিতির উন্নতি হতে থাকে। এর ধারাবাহিকতায় শনিবার সকালে কারখানাগুলো খুলে দেওয়া হয় এবং কাজে যোগ দেন শ্রমিকরা।
আরও পড়ুন: কুলাউড়া প্রেসক্লাবের নির্বাচনে তিন সদস্যের কমিশন গঠন
এদিকে শিল্পাঞ্চলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ১৭ প্লাটুন বিজিবি ও ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, শনিবার সকাল থেকে কারখানাগুলো খুলে দেওয়ায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: সাভারে ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, উদ্ধার বাস ও মিছিলের সরঞ্জাম





