কৃষকদের সাথে প্রতারণার চেষ্টায় ব্যবসায়ীর জরিমানা
বগুড়ার শাজাহানপুরে আমন ও বোরো মৌসুম সামনে রেখে মানসম্মত ও নিরাপদ বীজ নিশ্চিত করতে এবং কৃষকদের সাথে যেকোনো ধরনের প্রতারণা রোধে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। এই অভিযানের সময় সরকারি বিধিমালা ও আইন অমান্য করে অনুমোদনহীনভাবে বীজ বাজারজাত করার দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শাজাহানপুর উপজেলার বনানী সংলগ্ন গন্ডগ্রাম এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযুক্ত ব্যবসায়ী বজলুর রহমান বগুড়ার গাবতলী উপজেলার বাইগুনী এলাকার বাসিন্দা দুদু প্রামানিকের ছেলে।
আরও পড়ুন: সাভারে ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার, উদ্ধার বাস ও মিছিলের সরঞ্জাম
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযুক্ত ব্যবসায়ী বজলুর রহমান উচ্চফলনশীল জিরাশাইল ধানের বীজ ‘কোয়ালিটি সিড’ নামে আকর্ষণীয় প্যাকেটে ভরে বিক্রি করছিলেন। কিন্তু বীজের ওই প্যাকেটগুলোর গায়ে নামসর্বস্ব ও অস্পষ্ট ঠিকানা ব্যবহারসহ বীজ বিপণন ও সংরক্ষণের সরকারি বিধিমালা সুস্পষ্টভাবে লঙ্ঘন করা হয়। কৃষকদের আস্থাকে কাজে লাগিয়ে এমন অনিয়মের মাধ্যমে বাজারে বীজ ছাড়ার চেষ্টা চলছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বীজ আইন, ২০১৮-এর ২৪ ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং ঘটনাস্থলেই তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করেন। একই সাথে জরিমানা অনাদায়ে তাকে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অভিযান চলাকালে বিভ্রান্তিকর তথ্য সংবলিত ও অনুমোদনহীন মোড়কে বীজ বাজারজাতকরণ পুরোপুরি ঠেকাতে জব্দকৃত বীজের প্যাকেটগুলোর মোড়ক অপসারণ করা হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে আ.লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ
বগুড়া জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির কর্মকর্তা আদনান বাবু এই মোবাইল কোর্ট অভিযানে প্রসিকিউশন দেন। অভিযানে উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রান্তিক ও সাধারণ কৃষকরা যেন কোনোভাবেই নিম্নমানের, ভেজাল বা নিয়মবহির্ভূত বীজের কারণে ফলন বিপর্যয় ও আর্থিক ক্ষতির শিকার না হন, সেজন্য বগুড়া জেলার বিভিন্ন স্থানে এ ধরনের নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।





