ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, ভর্তি ২১
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন আরও ৯ জন। শনিবার (২৮ নভেম্বর) হাসপাতালের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
মারা যাওয়া দুজন হলেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ৪০ বছর বয়সী ফাতেমা এবং নান্দাইল উপজেলার ৮৫ বছর বয়সী মালেকা।
আরও পড়ুন: ১৫০ মুরগি দিয়ে শুরু করে এখন সাত হাজার মুরগির মালিক রাসেল
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৭২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৪৯ জন পুরুষ, ১৫ জন নারী এবং ৮ জন শিশু। নারী রোগীদের মধ্যে একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫ হাজার ৬৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৪৪ জন।
আরও পড়ুন: বিগত সরকারের আমলে এলাকার উন্নয়ন হয়নি: আবুল হোসেন
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন মো. আনোয়ারুল ইসলাম জানান, বর্তমানে হাসপাতালে ৭২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে ৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।





