বগুড়া বার সমিতি নির্বাচনে আতা-ওহাব পরিষদ প্যানেলের বিজয়

Shahrier Islam Pallab
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ৩:৫৩ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়া জেলা এ্যাডভোকেটস্ বার সমিতির ২০২৭ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত "আতা-ওহাব প্যানেল পরিষদ"। এতে এ্যাডঃ আতাউর রহমান (আতা) সভাপতি এবং এ্যাডঃ আব্দুল ওহাব সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন।

গত (২৭শে নভেম্বর) শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বগুড়া জেলা এ্যাডভোকেটস্ বার সমিতির গওহর আলী বার ভবনে শান্তিপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৯৫২ জন ভোটারের মধ্যে ৮৮৯ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে দিবাগত রাত ১২টায় আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করা হয়। উক্ত নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের সবকটিতেই বিপুল ভোটের ব্যবধানে বিজয় হয়েছে প্যানেল প্রার্থীদের। অন্যদিকে কোন পদেই জয়ী হতে পারেনি জামায়াত-সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত "রিয়াজ-সিরাজ প্যানেল পরিষদ"।

আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, ভর্তি ২১

উক্ত ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে এ্যাডঃ আতাউর রহমান (আতা) পেয়েছেন ৬৭৪টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ উদ্দিন পেয়েছেন ১৫৯টি ভোট। সাধারণ সম্পাদক পদে এ্যাডঃ আব্দুল ওহাব পেয়েছেন ৬৮২টি ভোট। তার প্রতিদ্বন্দ্বী সিরাজুল ইসলাম আকন্দ পেয়েছেন ১৫০টি ভোট। এছাড়াও রেজাউল বারী তারা ৬৪৪টি ভোট পেয়ে এবং এ্যাডঃ রহমতুল বারী তালুকদার ৬১২টি ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এ্যাডঃ ফারুক আমেদ ৫০৪টি ভোট এবং এ্যাডঃ আ.ন.ম. বজলুর রশীদ শাহীদ ৫৪৯টি ভোট পেয়ে যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অপরদিকে লাইব্রেরি সম্পাদক পদে এ্যাডঃ আশাবুদজামান আশিব ৫৯৫টি ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক পদে এ্যাডঃ এ কে এম আকিল আহম্মেদ মোমিন ৪২৫ ভোট পেয়ে সমাজকল্যাণ সম্পাদক পদে এ্যাডঃ আব্দুল্লাহেল কাফি (২) ৫৯০টি ভোট এবং ম্যাগাজিন ও সাংস্কৃতিক সম্পাদক পদে এ্যাডঃ আল আমিন রাসেল ৫৫০টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্যের পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন এ্যাডঃ সেলিম রানা প্রাপ্ত ভোট ৬১৩টি, এ্যাডঃ খায়রুল আলম প্রাপ্ত ভোট ৫৯১টি, এ্যাডঃ সুলতানা খাতুন প্রাপ্ত ভোট ৫৮৫টি, এ্যাডঃ এনামুল হক-১ প্রাপ্ত ভোট ৫৭৯টি এবং এ্যাডঃ ছানোয়ার হোসেন প্রাপ্ত ভোট ৫০৮টি।

আরও পড়ুন: বিগত সরকারের আমলে এলাকার উন্নয়ন হয়নি উঠান বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেন

নির্বাচনে আতা-ওহাব পরিষদের পূর্ণ প্যানেলের এই বিজয়কে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আইনজীবীদের সাংগঠনিক সাফল্য হিসাবে দেখছেন সংশ্লিষ্টরা। নির্বাচনের আগে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থীর আগ্রহ থাকায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অভ্যন্তরীণ ভোটের মাধ্যমে একক প্রার্থী চূড়ান্ত করা হয়েছিল। সেই প্রক্রিয়ায় সভাপতি পদে এ্যাডঃ আতাউর রহমান আতা এবং সাধারণ সম্পাদক পদে এ্যাডঃ আব্দুল ওহাব মনোনয়ন পায়।

তবে নির্বাচনে দুই প্যানেলের দলীয় সমর্থনের পাশাপাশি স্বতন্ত্র, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও অন্যান্য রাজনৈতিক মতাদর্শের আইনজীবীদের ভোটের সমীকরণও আলোচনায় ছিল। শেষ পর্যন্ত আতা-ওহাব প্যানেল পরিষদের প্রার্থীরা সবকটি পদে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেন।

নির্বাচনের ফলাফল ঘোষনার পর বগুড়া এ্যাডভোকেটস্ বারের সকল বিজ্ঞ আইনজীবীদের এবং নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিতদের অক্লান্ত পরিশ্রমের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ও ধন্যবাদ দিয়ে বির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল ওহাব বলেন যে, আইনজীবীদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা, কল্যাণ তহবিলের কার্যকর ব্যবহার, বার ভবনের আধুনিকায়ন, নবীন আইনজীবীদের প্রশিক্ষণ এবং নারী আইনজীবীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে নির্বাচনের আগের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যাবেন। তিনি সকল বিজ্ঞ আইনজীবীর সহযোগিতা কামনা করেন। ফলাফল ঘোষনার পর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ সকল বিজয়ী আইনজীবীদেরকে ফুলেল শুভেচ্ছা জানায়। 

এতে বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন ও উত্তরবঙ্গের বৃহত্তম বগুড়া জেলা এ্যাডভোকেটস্ বার সমিতির এবারের নির্বাচনে কার্যকরী পরিষদের পদ সংখ্যা ১৩ থেকে বাড়িয়ে ১৫ করা হয়। মোট ৯৫২ জন আইনজীবী ভোটারের অংশ গ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনের মধ্য দিয়ে আগামী এক বছরের জন্য সমিতির নতুন নেতৃত্ব নির্বাচিত হলো।