বিমা খাতে হাজার কোটি টাকার অনিয়ম, বাধা দিচ্ছে প্রভাবশালী মহল: অর্থমন্ত্রী
বিমা খাতে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ তুলে প্রভাবশালী মহলের বাধার মুখে পড়ার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তাঁর অভিযোগ, আমদানির সময় বিমা কাভারনোট নেওয়া হলেও পণ্য দেশে পৌঁছানোর পর অনেক ক্ষেত্রে প্রিমিয়াম পরিশোধ না করেই তা বাতিল করা হচ্ছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে, বিমা কোম্পানিগুলো প্রিমিয়াম থেকে বঞ্চিত হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ শেয়ারহোল্ডাররা।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুর-২-এ বাংলাদেশ ব্যাংক ট্রেনিং অ্যাকাডেমিতে (বিবিটিএ) লেনদেনের তথ্য আদান-প্রদানের জন্য তৈরি ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট (বার্তা)’ প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন: বাংলাদেশের পাসপোর্টে ভিসা ছাড়াই যাওয়া যাবে ৩৪ দেশে, সুবিধা পাবেন কারা?
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমদানির ক্ষেত্রে ঋণপত্র বা এলসি খোলার সময় ২০ লাখ টাকার প্রিমিয়ামের বিপরীতে বিমা কোম্পানির কাছ থেকে কাভারনোট নেওয়া হচ্ছে। কিন্তু পণ্য দেশে আসার পর প্রিমিয়াম পরিশোধ না করেই সেই কাভারনোট ছিঁড়ে ফেলা হচ্ছে।
তাঁর ভাষ্য, বিমা কোম্পানির সঙ্গে যোগসাজশে এভাবে হাজার কোটি টাকার পণ্য আমদানি করা হলেও সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। একই সঙ্গে বিমা কোম্পানিতে প্রিমিয়াম জমা হচ্ছে না এবং সাধারণ শেয়ারহোল্ডাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করার পর থেকেই প্রভাবশালী মহলের বাধা আসছে বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন: দায়িত্ব পালনকালে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের ওপর বিশেষ গুরুত্ব দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ব্যাংক, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এবং পুঁজিবাজারের মধ্যে কার্যকর তথ্য আদান-প্রদানের ব্যবস্থা না থাকলে ব্যবসার খরচ কমানো, স্বচ্ছতা নিশ্চিত করা এবং রাজস্ব ফাঁকি বন্ধ করা কঠিন।
আমির খসরু বলেন, দেশের বিনিয়োগ পরিবেশ উন্নত করা, ব্যবসার খরচ কমানো এবং স্থানীয় মূল্য সংযোজন বাড়াতে ডিজিটাল আন্তঃসংযোগ জরুরি। অতীতে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা নিজেদের মতো করে আলাদা প্রকল্প বাস্তবায়ন করেছে। এসব প্রকল্পের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় ও তথ্য আদান-প্রদানের ব্যবস্থা ছিল না। এমনকি বাংলাদেশ ব্যাংক, পুঁজিবাজার ও এনবিআরের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মধ্যেও কার্যকর সংযোগের ঘাটতি ছিল।
তিনি বলেন, প্রকৃত অটোমেশন নিশ্চিত করতে হলে রিয়েল-টাইম ইন্টার-অপারেবিলিটি বা তাৎক্ষণিক তথ্য বিনিময়ের ব্যবস্থা গড়ে তুলতে হবে। বর্তমান সরকার প্রতিটি লেনদেনে তাৎক্ষণিক নজরদারি ও স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করছে। এর মাধ্যমে সময় ও ব্যবসার খরচ কমানোর পাশাপাশি অনিয়ম ও রাজস্ব ফাঁকি প্রতিরোধ করা সম্ভব হবে।
অর্থমন্ত্রী আরও বলেন, শুধু একটি খাতের ব্যয় কমিয়ে সামগ্রিকভাবে ব্যবসা পরিচালনার খরচ কমানো সম্ভব নয়। এ কারণে এনবিআরের লেনদেন ব্যবস্থার সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক, বিমা খাত এবং বন্দর ব্যবস্থাপনাকেও যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিমা খাতের সামগ্রিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী। তাঁর অভিযোগ, ব্যাংকিং খাতের মতো বিমা খাতও চরম দুরবস্থার মধ্যে রয়েছে। কিছু বিমা কোম্পানি গ্রাহকদের পাওনা বা বিমা দাবি পরিশোধ না করে সেই অর্থ দিয়ে নিজেদের সম্পদ কিনছে এবং ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করছে।
তিনি বলেন, দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ পরিবেশ এবং সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনে কঠোর ও কষ্টকর সিদ্ধান্ত নিতেও প্রস্তুত রয়েছে রাজনৈতিক সরকার।





