বাংলাদেশের পাসপোর্টে ভিসা ছাড়াই যাওয়া যাবে ৩৪ দেশে, সুবিধা পাবেন কারা?

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ৩:৩১ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিদেশ ভ্রমণে ভিসার ঝামেলা এড়াতে চান অনেকেই। তবে বাংলাদেশের সঙ্গে বিশ্বের ৩৪টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি থাকলেও সব বাংলাদেশি পাসপোর্টধারীর জন্য নেই এই সুবিধা। এসব দেশের অধিকাংশেই কেবল কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। তবে মালদ্বীপের ক্ষেত্রে সাধারণ পাসপোর্টধারীরাও ভিসা অব্যাহতির সুবিধা পাবেন।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-২ শাখা থেকে প্রকাশিত এক তালিকায় এ তথ্য জানানো হয়েছে। ২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত বাংলাদেশের সঙ্গে কার্যকর থাকা ভিসা অব্যাহতি চুক্তির ভিত্তিতে তালিকাটি তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: দায়িত্ব পালনকালে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

তালিকা অনুযায়ী, ৩১টি দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। দেশগুলো হলো—সিঙ্গাপুর, ভিয়েতনাম, মিয়ানমার, চিলি, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, রাশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, ভারত, চীন, ব্রুনেই, ওমান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, কাতার, বতসোয়ানা, কসোভো, দক্ষিণ কোরিয়া, সার্বিয়া, আর্জেন্টিনা, কাজাখস্তান, থাইল্যান্ড, তিমুর-লেস্তে, গাম্বিয়া, পাকিস্তান ও মঙ্গোলিয়া।

অন্যদিকে, জাপান ও উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের কেবল কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর রয়েছে। ফলে এসব দেশে অফিশিয়াল পাসপোর্টধারীরা এই চুক্তির আওতায় ভিসা ছাড়াই প্রবেশের সুবিধা পাবেন না।

আরও পড়ুন: আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তবে সাধারণ পাসপোর্টধারীদের জন্য স্বস্তির খবর রয়েছে মালদ্বীপের ক্ষেত্রে। দেশটির সঙ্গে বাংলাদেশের সব ধরনের পাসপোর্টধারীর জন্য ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। অর্থাৎ সাধারণ, অফিশিয়াল ও কূটনৈতিক—সব ধরনের বাংলাদেশি পাসপোর্টধারী এ সুবিধার আওতায় পড়বেন। তবে কর্মসংস্থানের উদ্দেশ্যে মালদ্বীপে যাওয়ার ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী, সব মিলিয়ে ৩৪টি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর রয়েছে। তবে চুক্তি থাকলেই সব ধরনের ভ্রমণ বা সব শ্রেণির পাসপোর্টধারীর জন্য ভিসামুক্ত প্রবেশের সুযোগ তৈরি হয় না।

তাই বিদেশ ভ্রমণের পরিকল্পনা করার আগে নিজের পাসপোর্টের ধরন, ভ্রমণের উদ্দেশ্য এবং গন্তব্য দেশের প্রবেশসংক্রান্ত শর্ত যাচাই করা জরুরি। বিশেষ করে সাধারণ পাসপোর্টধারীদের মনে রাখতে হবে, কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টের জন্য করা চুক্তি সাধারণ পর্যটকদের ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য নয়।