শ্রদ্ধা কাপুরের ১২ কেজি ওজন বৃদ্ধি, নাচের শুটিংয়ে গুরুতর চোট

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ৩:৩১ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নতুন সিনেমার চরিত্রকে বাস্তবসম্মত করে তুলতে ১০ থেকে ১২ কেজি ওজন বাড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তবে চরিত্রের প্রয়োজনে নেওয়া এই শারীরিক পরিবর্তনই নাচের দৃশ্য ধারণের সময় বাড়তি চ্যালেঞ্জ তৈরি করে তার জন্য। শুধু তাই নয়, শুটিংয়ের দ্বিতীয় দিনেই গুরুতর চোট পান অভিনেত্রী। এরপর দীর্ঘ বিরতি ও ফিজিওথেরাপির মাধ্যমে সুস্থ হয়ে আবারও কাজে ফিরতে হয় তাকে। শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা ‘ইথা’র শুটিংয়ের পেছনের এসব অভিজ্ঞতার কথা সম্প্রতি জানিয়েছেন ছবিটির নৃত্য পরিচালক বৈভবী মার্চেন্ট।

ভারতীয় বিনোদনবিষয়ক সাময়িকী ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বৈভবী জানান, সিনেমার চরিত্রের প্রয়োজনে শ্রদ্ধাকে প্রায় ১০ থেকে ১২ কেজি ওজন বাড়াতে হয়েছিল। এতে দ্রুত নাচের বিভিন্ন মুদ্রা পরিবর্তন করা এবং কঠিন নৃত্যভঙ্গি অনুশীলন করা তার জন্য বেশ কঠিন হয়ে পড়ে।

আরও পড়ুন: দীর্ঘদিনের আইনি লড়াইয়ের অবসান ব্র্যাড-অ্যাঞ্জেলিনার

বৈভবীর ভাষ্য অনুযায়ী, সিনেমার পরিচালক লক্ষ্মণ উতেকর প্রচলিত ধারার বাইরে গিয়ে উল্টো ক্রমে শুটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। অর্থাৎ, গল্পের শেষ পর্যায়ের অংশ এবং গানের দৃশ্য দিয়েই শুটিং শুরু হয়। সে সময় চরিত্রের প্রয়োজনে ওজন বাড়ানো শ্রদ্ধাকে নাচের জন্য বাড়তি শারীরিক পরিশ্রম করতে হচ্ছিল।

নৃত্য পরিচালক বলেন, বাড়তি ওজনের কারণে দ্রুত নাচের মুদ্রা পরিবর্তনের সময় শ্রদ্ধার হাঁটু ও পায়ের পেশিতে চাপ পড়ছিল। একই সঙ্গে তার শারীরিক সক্ষমতার ওপরও প্রভাব পড়েছিল। পরিস্থিতি সামাল দিতে নিয়মিত কঠোর মহড়া ও শারীরিক প্রস্তুতির ব্যবস্থা করা হয়। একেকবার এক ঘণ্টা করে মহড়া চালানো হতো।

আরও পড়ুন: ফের বোমা হামলার হুমকি পেলেন অমিতাভ বচ্চন

তবে শুটিং শুরুর দ্বিতীয় দিনেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। দুপুরের খাবারের বিরতির ঠিক আগে খালি পায়ে নাচের দৃশ্য ধারণ করছিলেন শ্রদ্ধা। দিনের প্রচণ্ড গরমে মেঝে উত্তপ্ত হয়ে ওঠায় পা ও মেঝের ঘর্ষণ থেকে তিনি চোট পান বলে জানান বৈভবী।

এ ঘটনায় পুরো শুটিং ইউনিটের মনোবলে প্রভাব পড়ে। পরে প্রায় ছয় সপ্তাহ থেকে দুই মাসের বিরতি নিয়ে ফিজিওথেরাপির মাধ্যমে সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু করেন অভিনেত্রী। এরপর নতুন উদ্যমে শুটিংয়ে ফেরেন তিনি।

এ অভিজ্ঞতার পর নাচের দৃশ্য ধারণের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়া হয়। বৈভবী জানান, প্রতিটি লাবনি নাচের মহড়া ও শুটিংয়ের আগে এবং পরে বাধ্যতামূলকভাবে ওয়ার্মআপ, কুলডাউন ও ফিজিওথেরাপির ব্যবস্থা রাখা হয়েছিল।

মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী তামাশা ও লাবনি নৃত্যধারাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘ইথা’। শিল্পী বিঠাবাই নারায়ণগাঁওকরের জীবন থেকে অনুপ্রাণিত সিনেমাটিতে শ্রদ্ধা কাপুরের পাশাপাশি অভিনয় করেছেন রণদীপ হুদা, মোহাম্মদ জিশান আইয়ুব, সিদ্ধার্থ যাদব, ইশতিয়াক খান ও অনন্ত যোশী।

আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। চরিত্রের প্রয়োজনে শ্রদ্ধার শারীরিক পরিবর্তন, কঠিন নৃত্য প্রশিক্ষণ এবং শুটিংয়ের চোট—সব মিলিয়ে মুক্তির আগেই আলোচনায় এসেছে ‘ইথা’।