শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত: রিজভী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে ভারত জুলাই আন্দোলনের শহীদদের অসম্মান করেছে। একই সঙ্গে প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও তাকে দেশে ফেরত না দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ করে দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অসম্মান বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: পেটাও না কেন, মারো না কেন ওদের
রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের একজন পলাতক আসামি। তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডসহ হত্যা ও দুর্নীতির একাধিক মামলার বিচার চলছে। তিনি অভিযোগ করেন, ভারত সরকার পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়েছে।
তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হলেও ভারত এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি। বরং তাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, যা দুই দেশের পারস্পরিক বিশ্বাসের পরিপন্থী এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন: গ্যাসের দাম এক টাকাও বাড়ানো হলে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম
বিএনপির এই নেতা বলেন, দেশে গ্যাস সংকট, হাম, ডেঙ্গুসহ বিভিন্ন সমস্যা মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন। জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে সরকার দায়িত্ব পালন করছে বলেও উল্লেখ করেন তিনি।
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সরকারের কার্যক্রম ব্যাহত করতে একটি রাজনৈতিক দল দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।





