সন্ত্রাসবিরোধী আইনে
নান্দাইলের সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪
ময়মনসিংহের নান্দাইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৪ জনসহ মোট ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারবিরোধী স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগ এনে মামলাটি দায়ের করেন।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে ইয়াবাসহ ফের গ্রেপ্তার ভেলকা শাহিন
এদিকে, মামলার পর পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়ন থেকে দত্তপুর গ্রামের রফিকুল ইসলামের পুত্র জান্নাত উল্লাহ (৩৭), সৈয়দগাঁও গ্রামের সাদেকুল ইসলামের পুত্র জহিরুল ইসলাম (৩৯), মোয়াজ্জেমপুর গ্রামের মৃত সুরুজ আলীর পুত্র আমিনুল ইসলাম শাহীন (৪০) এবং দত্তপুর গ্রামের শাহজাহান মিয়ার পুত্র মেহেদী হাসানকে (২০) গ্রেপ্তার করে।
নান্দাইল মডেল থানা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই মধ্যরাতে নান্দাইল ইউনিয়নের রসুলপুর বিলপাড় এলাকার একটি কাঁচা সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সরকারবিরোধী কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক করছিলেন বলে পুলিশ তথ্য পায়। এ তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালালে উপস্থিত ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: শ্যামনগরে ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকারবিরোধী স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে। এদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।





