চার দফা দাবিতে যুগপৎ কর্মসূচিতে আট দল
জুলাই সনদের বাস্তবায়নসহ চার দফা দাবিতে যুগপৎ কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ আটটি রাজনৈতিক দল। সূত্র জানিয়েছে, দলগুলো পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে খুব শিগগিরই এ কর্মসূচি প্রকাশ করবে।
চার দফা দাবির মধ্যে রয়েছে—সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টি (জাপা) ও ১৪–দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ করা।
আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি
জানা গেছে, কয়েক দফা বৈঠকের পর জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আট দল একমত হয়েছে। যুগপৎ কর্মসূচিতে যুক্ত হচ্ছে—
* জামায়াতে ইসলামী
আরও পড়ুন: গুম দিবসে সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা ১১ দলীয় ঐক্যের
* জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
* ইসলামী আন্দোলন বাংলাদেশ
* বাংলাদেশ খেলাফত মজলিস (মামুনুল হক)
* খেলাফত মজলিস (আবদুল বাছিত আজাদ ও আহমদ আবদুল কাদের)
* গণ অধিকার পরিষদ (নূরুল হক নুর)
* আমার বাংলাদেশ (এবি) পার্টি (মজিবুর রহমান মঞ্জু)
* বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি (সরওয়ার কামাল আজিজী)
বাংলাদেশ খেলাফত মজলিস রোববার সংবাদ সম্মেলন করে যুগপৎ কর্মসূচি ঘোষণা করবে, আর ইসলামী আন্দোলন সোমবার পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিন্ন কর্মসূচি প্রকাশ করবে।
জামায়াতের এক শীর্ষ নেতা যুগপৎ কর্মসূচির সিদ্ধান্ত স্বীকার করেছেন। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, "এনসিপি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন চায়। অন্য দলগুলোও জুলাই সনদের আইনি ভিত্তিতে একমত।"
তবে পিআর পদ্ধতি নিয়ে মতভিন্নতা রয়েছে—কেউ সংসদের উভয়কক্ষেই পিআর চান, আবার কেউ কেবল উচ্চকক্ষে। তবে জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে সব দলের ঐকমত্য রয়েছে।
আটটি দল প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন চায় এবং তা জুলাই সনদের ভিত্তিতে দাবি করছে।





