জিয়া উদ্যানে শুরু হয়েছে খালেদা জিয়ার কবর খননের কাজ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যান এলাকায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা থেকে শুরু হয়েছে তার কবর খননের কাজ। আগামীকাল বুধবার জানাজা শেষে তিনি স্বামী ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন।
বিকেল থেকেই দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় বেড়ে শুরু করেছে জিয়া উদ্যান এলাকায়। শ্রমিকরা অত্যন্ত সতর্কতার সঙ্গে নির্ধারিত স্থানে মাটি কাটার প্রস্তুতি নেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দাফন প্রক্রিয়া যেন নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সেজন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছেন।
আরও পড়ুন: মারা গেছেন সাবেক এমপি সেলিমা আহমাদ
এর আগে, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। বেগম জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া বিএনপি সাত দিন শোক পালনের কর্মসূচি ঘোষণা করেছে।
উল্লেখ্য, আগামীকাল বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হওয়ার পর মরদেহ জিয়া উদ্যানে আনা হবে। জানাজায় ইমামতি করবেন জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। দাফন প্রক্রিয়া শেষে দলের পক্ষ থেকে মোনাজাত ও পরবর্তী কর্মসূচির বিস্তারিত জানানো হবে। খালেদা জিয়ার প্রয়াণে শুধু বিএনপি নয়, পুরো রাজনৈতিক অঙ্গনেই বিরাজ করছে গভীর স্তব্ধতা।
আরও পড়ুন: ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেকের মৃত্যুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর শোক





