৭ জেলায় টানা ১৬ ঘণ্টার নির্বাচনী প্রচার

ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৪৯ পূর্বাহ্ন, ২৩ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৯:৪৫ পূর্বাহ্ন, ২৪ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সাত জেলায় ধারাবাহিক নির্বাচনী সমাবেশে অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসব সমাবেশে তিনি ধানের শীষ প্রতীকের পাশাপাশি বিএনপির সঙ্গে আসন সমঝোতা হওয়া প্রার্থীদের পক্ষেও ভোট প্রার্থনা করেন।

একই সঙ্গে বিএনপি সরকার গঠন করতে পারলে সারাদেশে খাল খনন কর্মসূচি পুনরায় চালু, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু, বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদানের প্রতিশ্রুতি দেন তারেক রহমান।

আরও পড়ুন: মারা গেছেন সাবেক এমপি সেলিমা আহমাদ

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনী প্রচারের প্রথম দিন বেলা ১২টায় সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন তিনি। এরপর পর্যায়ক্রমে বিকেল ৩টায় মৌলভীবাজার, সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জ, রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান।

এরপর রাত ৩টার দিকে নরসিংদীর পৌর পার্কসংলগ্ন মাঠে সমাবেশে যোগ দেন তারেক রহমান। সেখান থেকে ভোররাত ৪টা ১৬ মিনিটে নারায়ণগঞ্জের রূপগঞ্জ গাউসিয়া এলাকায় প্রথম দিনের শেষ নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন তিনি। পরে ঢাকার উদ্দেশে রওনা হন।

আরও পড়ুন: ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেকের মৃত্যুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর শোক

শেষ দিকের কয়েকটি সমাবেশে ভোররাত পর্যন্ত অপেক্ষা করানোর জন্য নেতাকর্মীদের কাছে দুঃখ প্রকাশ করতেও দেখা যায় বিএনপির চেয়ারম্যানকে।

বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, নির্বাচনী প্রচারণার প্রথম দিন ১৬ ঘণ্টায় সাতটি নির্বাচনী সমাবেশ শেষ করে বাসায় ফেরেন তারেক রহমান। সিলেট থেকে শুরু হওয়া এই টানা সফরে প্রতিটি সমাবেশেই বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়, শুক্রবার নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭-এর ভাসানটেকের বিআরবি ময়দানে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।