জামায়াত ক্ষমতায় এলে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক হবে ওসমানী বিমানবন্দর: ডা. শফিকুর রহমান

Any Akter
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ন, ০৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৫৬ অপরাহ্ন, ০৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত রাষ্ট্রক্ষমতায় গেলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে সত্যিকারের পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হবে। আর ‘কুড়িয়ে-কুড়িয়ে’ আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচয় দিয়ে জনগণকে বিভ্রান্ত করা হবে না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় জেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত ঐতিহাসিক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, বিশ্ব যখন দ্রুত এগিয়ে যাচ্ছে, তখন আমরা পিছিয়ে পড়ছি। এই অবস্থা থেকে দেশকে বের করে আনতে হলে দূরদর্শী ও সৎ নেতৃত্ব প্রয়োজন। তিনি আরও বলেন, ম্যানচেস্টারসহ বিশ্বের গুরুত্বপূর্ণ গন্তব্যে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে এবং কোনোভাবেই তা বন্ধ হতে দেওয়া হবে না। কেউ বন্ধ করলে আবার চালু করা হবে।

আরও পড়ুন: বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ

তিনি বলেন, দুর্নীতি দূর হলেই দেশের উৎপাদনশীলতা বাড়বে, শিল্প ও অর্থনীতি নতুন গতিতে এগিয়ে যাবে। যুবকদের প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এই দেশ এগিয়ে যাবে যুবকদের হাত ধরে। যুবকরাই বাংলাদেশ এটি শুধু মুখের কথা নয়, বুকের কথা।

৫ আগস্টের প্রসঙ্গে তিনি বলেন, যারা বুক চিতিয়ে জাতির স্বাধীনতা এনে দিয়েছে, জাতি তাদের কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবে। কুলাউড়ার ভূপ্রকৃতি প্রসঙ্গে তিনি বলেন, পাহাড়-পর্বত, সমতল ভূমি, নদী-নালা মিলিয়ে কুলাউড়া আল্লাহর এক বিশাল নিয়ামত। এই এলাকার সব শ্রেণির মানুষকে বুকে নিয়ে তিনি সামনে এগোতে চান, কোনো বিভক্তি চান না বলে উল্লেখ করেন।

আরও পড়ুন: তারেক রহমানের পক্ষে গণসংযোগে কন্যা জাইমা রহমান

চা-শ্রমিকদের বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে তিনি বলেন, মৌলভীবাজার চায়ের রাজধানী। চা-শ্রমিকদের ভুলে গেলে তিনি নিজেকেই ভুলে যাবেন। তাদের সন্তানদের জন্য সুস্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করা হবে। তিনি বলেন, একজন চা-শ্রমিকের সন্তানও যেন প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে রাষ্ট্রের দায়িত্ব শুধু বাগান মালিকদের নয়, রাষ্ট্রকেও নিতে হবে।

জনসভায় তিনি বলেন, কুলাউড়া আমার জন্মভূমি। আমি এখানে জন্মগ্রহণ করেছি। নানা সময়ে কুলাউড়া উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। মানুষ তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন পায়নি। ইনশাআল্লাহ, এবারের নির্বাচনে ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমিও ভোট পেয়ে যাবো। মূল এমপি থাকবেন সায়েদ আলী, আর ছায়া এমপি থাকবো আমি।

জনসভায় জামায়াত আমির মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তাদের পক্ষে ভোট চাওয়া হয়।

জেলা জামায়াতের আমির ও মৌলভীবাজার-২ আসনের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. ইয়ামির আলীর সঞ্চালনায় সভায় দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।