বাংলাদেশ পুনর্গঠনে জনগণের রায় চান তারেক রহমান
বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে জনগণের সমর্থন ও রায় চেয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনি প্রচারণার শেষ দিনে সোমবার (বেলা সাড়ে ১২টা) ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক মাঠে এক জনসভায় তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, “আর মাত্র দুই দিন পর ইনশাআল্লাহ বাংলাদেশের বহু প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের জন্য গত ১৬ বছরে বহু মানুষ প্রাণ দিয়েছেন। জুলাই আন্দোলনে আমরা দেখেছি কত মানুষকে হত্যা করা হয়েছে।”
আরও পড়ুন: আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান ও ডা. শফিকুর রহমান
তিনি বলেন, “আসুন, আমাদের সবাইকে মিলে বাংলাদেশ গড়ে তুলতে হবে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, দেশকে সামনে এগিয়ে নিতে হবে। বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যারা বাস্তবসম্মত কর্মসূচি দিয়েছে। আপনারা ধানের শীষকে সুযোগ দিলে ইনশাআল্লাহ বিএনপি আপনাদের সঙ্গে নিয়ে আগামী দিনে দেশ গঠন করবে। আমাদের মূল লক্ষ্য দেশ পুনর্গঠন।”
বিএনপি চেয়ারম্যান বলেন, “আমি শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার একটি কথায় বিশ্বাস করি—এই দেশ আমাদের কেউ বাইরে থেকে এসে গড়ে দেবে না। নিজের ঘর যেমন নিজেকে সামলাতে হয়, তেমনি এই দেশটিও আমাদেরই গড়ে তুলতে হবে।”
আরও পড়ুন: নির্বাচনী মাঠে প্রশাসনের ‘একপেশে ভূমিকা’ নিয়ে জামায়াতের ক্ষোভ
ঢাকা-১৭ আসনের প্রার্থী হিসেবে ভোট চেয়ে তারেক রহমান বলেন, “এই এলাকাটি আমার বেড়ে ওঠার জায়গা। ১৯৭২ সালে স্বাধীনতার পর এখানেই বড় হয়েছি। আমার পরিবার, সন্তানদের জন্ম এই এলাকাতেই। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও সারা জীবন এই এলাকায় কাটিয়েছেন। এই এলাকার মানুষের সঙ্গে আমার এক গভীর মানসিক ও আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে।”
বিএনপি ক্ষমতায় গেলে কী করবে—তা সংক্ষেপে তুলে ধরে তিনি বলেন, “বাংলাদেশের প্রায় ২০ কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। তরুণ ও যুব সমাজের জন্য চাকরির ব্যবস্থা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। সারা দেশে যানজট নিরসন ও রাস্তা-ঘাট সংস্কার জরুরি। গত ১৫ বছরে মেগা প্রকল্পের নামে যে মেগা দুর্নীতি হয়েছে, তার পরিবর্তন আনতে হবে। এজন্যই আমরা জনগণের সমর্থন চাই।”
জনসভা শেষে বনানী থেকে তারেক রহমানের গাড়িবহর ধানমন্ডির উদ্দেশে রওনা হয়। তিনি ঢাকা-১০, ঢাকা-৮, ঢাকা-৯, ঢাকা-৫, ঢাকা-৪, ঢাকা-৬ ও ঢাকা-৭ আসনে পর্যায়ক্রমে পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, সারাদেশে নির্বাচনি প্রচারণা শেষে রোববার ঢাকা মহানগরে প্রচারণা শুরু করেন তারেক রহমান। এর আগে তিনি ঢাকায় সাতটি নির্বাচনী পথসভায় বক্তব্য দেন।





