৩৭ বছর পর দিনাজপুর-৬ আসন পেলো বিএনপি
দেশে শান্তিপূর্ণ, উৎসবমুখর ও পরিচ্ছন্ন ভোটের মাধ্যমে হয়ে গেল বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আর এই সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে দীর্ঘ ৩৭ বছর পর দিনাজপুর-৬ আসনে বিএনপির পক্ষে জয় পেলেন দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট এ চার থানা নিয়ে গঠিত দিনাজপুর-৬ আসনটি। জামায়াতের দুর্গ হিসেবে খ্যাত এ আসনটিতে এবার মনোনয়ন পান বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক ও দলের দুর্দিনের কান্ডারি ডা. জাহিদ হোসেন। মনোনয়ন পেয়েই ছুটে যান ভোটারদের কাছে। তিনি ভোটারদের মন জয় করে বিজয় ছিনিয়ে আনেন নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৫ হাজার ১৬৮ ভোট বেশি পেয়ে। ১৯৯টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে তিনি মোট ২ লাখ ৩ হাজার ৮৮৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭১৯ ভোট।
দেশের সর্ববৃহৎ সংসদীয় নির্বাচনী এলাকা দিনাজপুর-৬ এলাকায় দীর্ঘদিন পর বিএনপি’র প্রার্থী ডা. জাহিদ হোসেনকে পেয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় সৃষ্টি হয়। গণসংযোগকালে তিনি ওই এলাকার সকল শ্রেণি পেশার মানুষের সাথে মিশে যান। উপস্থিত কোনো অসুস্থ রোগী পেলে তিনি তাকে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দিয়ে মানুষের মনে জায়গা করে নেন । তাঁর মতো একজন খ্যাতিমান চিকিৎসককে পেয়ে এলাকাবাসী ভোট দিতে ভুল করেননি। শেষ পর্যন্ত ২ লাখের বেশি ভোট দিয়ে তাকে জয়যুক্ত করেন। দিনাজপুর-৬ আসনের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, স্বাধীনতার পর এ আসন থেকে ন্যাপ, স্বতন্ত্র প্রার্থী, জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের একাধিক প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জোট রাজনীতির কারণে বিগত কয়েকটি নির্বাচনে বিএনপি এখানে একক প্রার্থী দিতে পারেনি। এই প্রতীক্ষিত নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দুই যুগ পর সরকার গঠন করতে চলেছে বিএনপি। গত শুক্রবার নির্বাচন কমিশন (ইসি) ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও মিত্র দলগুলো ২১২টি আসন পেয়ে বড় বিজয় নিশ্চিত করেছে। এবার ইতিহাসে সবচেয়ে বড় বিজয় পেয়েছে বিএনপি।
আরও পড়ুন: তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভায় কারা আছেন





