৫০ গাড়ির শোডাউন, ছাত্রদল নেতা মাসুদ রানাকে অব্যাহতি
জ্বালানি সংকটের মধ্যেই নাটোরের গুরুদাসপুরে অর্ধশত গাড়িবহর নিয়ে শোডাউন দেওয়ায় উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামানিককে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গির আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
জানা গেছে, গত রোববার (১২ এপ্রিল) গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মাসুদ রানার নেতৃত্বে একটি গাড়িবহর শোডাউন শুরু হয়। এতে প্রায় ৫০টি হাইয়েস ও প্রাইভেট কারে প্রায় ৪০০ নেতাকর্মী অংশ নেন। গাড়িবহরটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরের চাঁচকৈড় বাজারে গিয়ে শেষ হয়। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
আরও পড়ুন: রামিসার পরিবারকে সমবেদনা জানালেন রিজভী, বিচার নিশ্চিতের আশ্বাস
স্থানীয় সূত্র জানায়, শোডাউনে ব্যবহৃত প্রতিটি গাড়ির ভাড়া ছিল কমপক্ষে ৫ হাজার টাকা। সে হিসাবে শুধু গাড়ি ভাড়াতেই প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে। এছাড়া অংশগ্রহণকারীদের আপ্যায়নের খরচও ছিল উল্লেখযোগ্য। ফলে একজন ছাত্রনেতা হিসেবে এত ব্যয়বহুল আয়োজনের অর্থের উৎস নিয়েও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে মাসুদ রানা ফোনে গাড়িবহরের বিষয়টি স্বীকার করলেও ব্যয়ের উৎস নিয়ে মন্তব্য করতে চাননি। তবে তিনি দাবি করেন, অধিকাংশ গাড়ি এলপিজি ও সিএনজিচালিত ছিল। দলীয় পদ থেকে অব্যাহতির বিষয়ে তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি।
আরও পড়ুন: মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করছে: রিজভী
সুশাসনের জন্য নাগরিক (সুজন) নাটোর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ বলেন, সংকটের সময় দায়িত্বশীলদের এমন আচরণ কাণ্ডজ্ঞানহীন এবং এটি অন্যদের জন্য নেতিবাচক উদাহরণ তৈরি করতে পারে।
নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন বলেন, ঘটনাটি কেন্দ্রীয় কমিটির নজরে আসার পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাসুদ রানাকে অব্যাহতি দেওয়া হয়েছে।





