আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে গর্জে ওঠার আহ্বান জামায়াত আমিরের
দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের স্বার্থ রক্ষায় যে কোনো আন্দোলনে তার দল পাশে থাকবে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত এক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, বিএনপি জনগণের রায় নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তবে সুস্থ রাজনীতির ধারা বজায় রাখার স্বার্থে এবং দেশের বৃহত্তর স্বার্থে তারা নির্বাচনের ফল মেনে নিয়েছেন।
আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক করা সম্ভব নয়: নাহিদ ইসলাম
তিনি আরও দাবি করেন, জাতীয় নির্বাচনে ব্যাপক কারচুপির মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করা হয়েছে। তার মতে, সাবেক একজন উপদেষ্টা ও বর্তমান সরকারের এক মন্ত্রীর বক্তব্যেও নির্বাচনী অনিয়মের ইঙ্গিত পাওয়া গেছে।
সংবিধান সংশোধনের মাধ্যমে সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। তিনি বলেন, সংসদে বিরোধী দলের মত প্রকাশের সুযোগ সংকুচিত করা হচ্ছে, ফলে জনস্বার্থে আন্দোলনে নামতে বাধ্য হচ্ছে ১১ দলীয় জোট।
আরও পড়ুন: নৈরাজ্য ঠেকাতে রাজপথে বিএনপি
তিনি আরও বলেন, অতীতের তুলনায় নতুন ধরনের ফ্যাসিবাদ আরও ভয়াবহ হতে পারে। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণের মাধ্যমে ক্ষতি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘সত্যকে বিকৃত না করে সঠিকভাবে উপস্থাপন করা উচিত। বক্তব্য আংশিক না দিয়ে সম্পূর্ণ প্রকাশ করা প্রয়োজন।’
তিনি জানান, সংসদ ও রাজপথ—উভয় ক্ষেত্রেই জনগণের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে সক্রিয় থাকবে জামায়াতে ইসলামী।





