জেনেভা চলচ্চিত্র উৎসবে সেরা সিরিজের পুরস্কার জিতল ‘অ্যানি’

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:০৫ অপরাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ৩২তম জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা সিরিজের পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের মিনিসিরিজ ‘অ্যানি’। নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ পরিচালিত এবং নাজিফা তুষী অভিনীত সিরিজটি উৎসবে প্রথমবার অংশ নিয়েই ‘ফিউচার ইজ সেন্সিবল অ্যাওয়ার্ড ফর বেস্ট সিরিজ’ বিভাগে এই সম্মাননা অর্জন করেছে।

গত ৭ নভেম্বর সন্ধ্যায় জেনেভার মেজোঁ কম্যুনাল দ্য প্লেনপালের থিয়েটার পিটোয়েফে অনুষ্ঠিত হয় উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানেই ‘ফিউচার ইজ সেন্সিবল’ বিভাগে প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্যান্য প্রজেক্টকে পেছনে ফেলে সেরা সিরিজ হিসেবে নির্বাচিত হয় ‘অ্যানি’।

আরও পড়ুন: তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা

আন্তর্জাতিক এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিরিজটির নির্মাতা ও কলাকুশলীরা। তাঁদের ভাষ্য, ‘আমরা শুধু একটি গল্প বলতে চেয়েছিলাম। আজ সেই গল্পকে নিজ ডানায় ভর করে উড়তে দেখে ভীষণ ভালো লাগছে। অ্যানি আমাদের অনেকের আস্থা ও সাহসের সম্মিলিত একটি স্বপ্নের দীর্ঘ যাত্রা। এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের সেই যাত্রাকে আরও বিশেষ ও স্মরণীয় করে তুলেছে।’

পুরস্কার অর্জনের আগে উৎসবে সিরিজটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। গত ২ ও ৫ নভেম্বর জেনেভার ‘লে সিনেমা দু গ্র্যুতি–সাল সিমোঁ’ প্রেক্ষাগৃহে দেখানো হয় ‘অ্যানি’। প্রদর্শনীর পর উৎসবের সমাপনী আয়োজনে আসে কাঙ্ক্ষিত আন্তর্জাতিক স্বীকৃতি।

আরও পড়ুন: হলুদ সাজে বসন্তের আবহ ছড়ালেন তটিনী

সিরিজটির কেন্দ্রীয় চরিত্র অ্যানির ভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষী। তাঁর সঙ্গে বিভিন্ন চরিত্রে রয়েছেন ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজাহ নাওয়ারসহ আরও অনেকে।

জেনেভা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আগে জার্মানির কোলনে আয়োজিত আন্তর্জাতিক সিরিজ উৎসব ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এও জায়গা করে নিয়েছিল ‘অ্যানি’। উৎসবটির ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে নির্বাচিত হওয়ার পাশাপাশি গত ৯ জুন সেখানে সিরিজটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে বাংলাদেশের দর্শকদের জন্য ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে এটি মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রযোজকেরা।

মেট্রোভিডিও, ক্যাটালগ ও জিরেলের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘অ্যানি’। সিরিজটির প্রযোজক এহসানুল হক বাবু ও আলি আফজাল উজ্জ্বল। সহপ্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন তানভীর হোসেন, শিহাব নূরুন নবী, তুহিন তামিজুল, জোহান চ্যাপেলান, সাইফুল ইসলাম ও রায়হান সিকদার।

উল্লেখ্য, নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ এর আগে ২০১৬ সালে তাঁর প্রথম চলচ্চিত্র ‘লাইভ ফ্রম ঢাকা’ নির্মাণের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করেন। এরপর ২০২১ সালে তাঁর দ্বিতীয় চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’ কান চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ বিভাগ ‘আঁ সার্তে রিগা’য় নির্বাচিত হয়। কান উৎসবের অফিশিয়াল সিলেকশনে জায়গা পাওয়া বাংলাদেশের প্রথম চলচ্চিত্র এটি। বিশ্বের ১৫টিরও বেশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে ছবিটি আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা অর্জন করে।