‘দেশের ক্ষতি হলে নীরব থাকব না, প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলব’

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ন, ০৯ মে ২০২৬ | আপডেট: ১১:০৫ অপরাহ্ন, ০৯ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার দেশের কল্যাণে কাজ করলে বিরোধী দল হিসেবে তারা সহযোগিতা করবে। তবে রাষ্ট্রের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড হলে তারা নীরব থাকবে না এবং প্রয়োজন হলে প্রতিরোধ গড়ে তুলবে।

শনিবার (৯ মে) সকালে জাপান সফর শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: গ্রেপ্তারের দাবিতে জিএম কাদেরের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ

ডা. শফিকুর রহমান বলেন, একটি দায়িত্বশীল বিরোধী দলের কাজ শুধু সমালোচনা করা নয়, সরকারের ভুলত্রুটি তুলে ধরা এবং ভালো উদ্যোগে সহযোগিতা করা। তিনি বলেন, “সরকার যদি ইতিবাচক কাজ করে আমরা পাশে থাকব। কিন্তু দেশের ক্ষতি হয় এমন কিছু হলে আমরা প্রতিবাদ করব এবং প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলব।”

জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, জাপান বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে ইতিবাচকভাবে দেখছে। তাদের কাছে বর্তমান সংসদ আগের সংসদগুলোর তুলনায় ভিন্ন মনে হয়েছে, যেখানে বিরোধী দল সরকারকে সমালোচনার পাশাপাশি সহযোগিতাও করছে।

আরও পড়ুন: ‘আগেই ভালো ছিলাম’ ন্যারেটিভে সাধারণকে উস্কানির চেষ্টা

স্বাস্থ্য খাত নিয়ে কথা বলতে গিয়ে জামায়াত আমির বলেন, দেশে ক্যান্সার রোগীর সংখ্যা বাড়লেও উন্নত চিকিৎসা অবকাঠামো এখনও পর্যাপ্ত নয়। বিশেষায়িত হাসপাতালের সীমাবদ্ধতার কারণে অনেক রোগীকে বিদেশে চিকিৎসার জন্য যেতে হচ্ছে। আর যাদের সেই সামর্থ্য নেই, তারা যথাযথ চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি জানান, জাপানের কাছে বাংলাদেশে একটি আধুনিক ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতাল প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে। তার মতে, শুধু হাসপাতাল নয়, ইনস্টিটিউট গড়ে উঠলে চিকিৎসার পাশাপাশি গবেষণা ও উচ্চশিক্ষার সুযোগও তৈরি হবে এবং দক্ষ জনবল তৈরি হবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, জাপান বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে বলে তারা আশাবাদী।

জুলাই যোদ্ধাদের প্রসঙ্গে তিনি জানান, বর্তমানে থাইল্যান্ডে ৬৪ জন আহত জুলাই যোদ্ধা অবস্থান করছেন। তাদের চিকিৎসা পরিস্থিতি দেখতে এবং খোঁজখবর নিতে তিনি সেখানে গিয়েছিলেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।

আহতদের সাহস ও আত্মত্যাগের প্রশংসা করে তিনি তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।