মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অলি আহমদ
সরকার গঠনের পর থেকেই সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। তিনি দাবি করেছেন, দেশের অনেক মানুষ এখন বলছেন, তারা আর বিএনপিকে ভোট দেবেন না।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লং মার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন অলি আহমদ।
আরও পড়ুন: বাধা এলেও চট্টগ্রামে পৌঁছাবেই লং মার্চ: নাহিদ ইসলাম
তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে এমন পরিস্থিতির কথা আগে কখনো শোনেননি, যেখানে কোনো সরকার দায়িত্ব নেওয়ার পরপরই মানুষের মধ্যে সরকার টিকবে কি না—এমন আলোচনা শুরু হয়েছে। বিএনপিকে আর ভোট না দেওয়ার কথা অনেক মানুষ বলছেন বলেও দাবি করেন তিনি।
লং মার্চে অংশ নেওয়া নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে এলডিপি সভাপতি বলেন, এত সকালে বিপুলসংখ্যক মানুষ সমাবেশে উপস্থিত হয়ে ১১ দলীয় ঐক্যের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। তার মতে, এত ভোরে এত বড় সমাবেশ আয়োজন দেশের অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব নয়।
আরও পড়ুন: ফের উত্তপ্ত রাজনীতির মাঠ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে অলি আহমদ বলেন, চাইলে তিনি বিএনপির নেতাকর্মীরা কতটা ভোরে ঘুম থেকে উঠতে পারেন, তা পরীক্ষা করে দেখতে পারেন।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পুরোনো বক্তব্যের প্রসঙ্গও টেনে প্রশ্ন তোলেন তিনি। গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে অতীতে দেওয়া বক্তব্যের কথা উল্লেখ করে বর্তমান পরিস্থিতিতে ফখরুলের অবস্থান কী—তা জানতে চান অলি আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের প্রসঙ্গ তুলে অলি আহমদ বলেন, তিনি একসময় কোরআন ও সুন্নাহর বাইরে কোনো কাজ করবেন না বলে মন্তব্য করেছিলেন। এখন তিনি আগের সেই অবস্থানে আছেন কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন এলডিপি সভাপতি।
দেশ পরিচালনায় সৎ ও ঈমানদার ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়ে অলি আহমদ বলেন, যোগ্য ও সৎ মানুষকে বেছে নিয়েই দেশ পরিচালনা করতে হবে। বেইমান, মুনাফেক ও বিদেশি দালালদের দিয়ে দেশ পরিচালনা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
১১ দলীয় জোটের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, জনগণের দাবি-দাওয়া মেনে নেওয়ার জন্য সরকারকে নিয়মতান্ত্রিকভাবে চাপ দেওয়া হচ্ছে। প্রথম ধাপের কর্মসূচি শেষ করে এখন দ্বিতীয় ধাপে যাওয়া হয়েছে। সরকার সঠিক পথে না চললে ভবিষ্যতে কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন তিনি।
লং মার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালনের আহ্বান জানিয়ে অলি আহমদ বলেন, ১১ দল কোনো সন্ত্রাসী সংগঠন নয়। কোরআন-সুন্নাহ ও সুশাসনের নীতিতে তারা বিশ্বাসী। তবে চট্টগ্রামের পথে লং মার্চে কেউ বাধা সৃষ্টি করলে তা শক্তভাবে মোকাবিলা করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
তিনি আরও বলেন, লং মার্চে অংশ নেওয়ার উদ্দেশ্য কোনো ভোজ বা মেজবানে অংশ নেওয়া নয়; জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই তারা রাজপথে নেমেছেন।





