জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৬:৩৫ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে গোপন বৈঠকের তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর ইসলাম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কয়েকজনকে থানায় আনা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর : জামায়াত আমির

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ধানমন্ডি থেকে তিনজন এবং মোহাম্মদপুর থেকে হাতবোমাসহ একজনকে আটক করে।

পুলিশের তথ্য অনুযায়ী, ধানমন্ডির ওই মিছিলে অংশ নেওয়া কয়েকজন পরে গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাসদের প্রধান কার্যালয়ে আশ্রয় নেন। এর আগে কার্যালয়টিতে শতাধিক নেতাকর্মী জড়ো হয়েছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন: নীতিগত বিরোধ থাকলেও দাবি আদায়ে মাঠে সরব ইসলামী দলগুলো

এদিকে, বিষয়টি জানাজানি হলে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন ও পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা জাসদ কার্যালয় ঘিরে রাখেন। পরে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশীদসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হন।

বিকেল ৪টার দিকে জাসদের কার্যালয় থেকে আটক ব্যক্তিদের একে একে হাতকড়া পরিয়ে বের করে নিয়ে যেতে দেখা যায়। তাঁদের পল্টন থানায় নেওয়া হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন জানান, জাসদের প্রধান কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া, বহিরাগতদের অবস্থান এবং গোপন বৈঠক চলার সন্দেহে অপরাধ বিভাগ ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে অর্ধশতাধিক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ ও প্রাপ্ত তথ্য বিশ্লেষণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযান চলমান থাকায় আটক ব্যক্তিদের পূর্ণাঙ্গ পরিচয় এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে চূড়ান্ত তথ্য পাওয়া যায়নি।