ইতালিতে ছোট ভাইকে হত্যা করে ভিডিও কলে পরিবারকে দেখাল বড় ভাই

Sadek Ali
মো. নাজির হোসেন, ​মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ন, ০১ মে ২০২৬ | আপডেট: ৫:১৫ অপরাহ্ন, ০১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

​প্রবাসে ইতালির লেইজ শহরে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন ছোট ভাই নয়ন শেখ (২১)। হত্যাকাণ্ডের পর ভিডিও কলে দেশে থাকা স্বজনদের রক্তাক্ত মরদেহ দেখিয়ে হত্যার কথা স্বীকার করেন অভিযুক্ত হুমায়ুন শেখ (২৭)।

​নিহত নয়ন ও অভিযুক্ত হুমায়ুন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার সোনারং গ্রামের দেলোয়ার শেখের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত হুমায়ুনকে গ্রেপ্তার করেছে ইতালির পুলিশ।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

​পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় সময় বুধবার (২৯ এপ্রিল) রাত আটটার দিকে ইতালির লেইজ শহরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই হুমায়ুন উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে নয়নকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়।

​হত্যাকাণ্ড ঘটানোর পর হুমায়ুন শেখ ভিডিও কলে বাংলাদেশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। স্ক্রিনে নয়নের রক্তাক্ত নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।  স্বজনদের কাছে হুমায়ুন নিজেই স্বীকার করেন যে তিনি নয়নকে হত্যা করেছেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন: গুলশান ট্রাফিকের প্লাস্টিক হেলমেট ভাঙা কর্মসূচি

​টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ডাবলু বলেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে ইতালিতে এক ভাইয়ের হাতে অন্য ভাই খুন হওয়ার খবর আমরা পেয়েছি। এর আগে নিহতের স্ত্রী পারিবারিক কলহের বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন।