শ্রীনগরে পুলিশের লুট হওয়া ৫০ শটগান কার্তুজ উদ্ধার
মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে পুলিশের লুট হওয়া বলে ধারণা করা ৫০টি শটগান কার্তুজ সদৃশ বস্তু পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-১০। বুধবার (২৬ আগস্ট) রাতে শ্রীনগর উপজেলার মধ্য বাঘড়া এলাকায় অভিযান চালিয়ে এসব কার্তুজ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
র্যাব-১০ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ৮টার দিকে র্যাব-১০, সিপিসি-২, মুন্সীগঞ্জ শ্রীনগর ক্যাম্পের একটি দল মধ্য বাঘড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পতিত জমিতে থাকা একটি পরিত্যক্ত ঘরের পশ্চিম পাশে নারিকেল গাছের গোড়ায় ঝোপের মধ্যে তল্লাশি চালিয়ে ৫০টি শটগান কার্তুজ সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
আরও পড়ুন: গ্রামবাংলার ঐতিহ্যবাহী বাবুই পাখির বাসা এখন আর চোখে পড়ে না
প্রাথমিক পর্যবেক্ষণে উদ্ধার করা কার্তুজগুলো পুলিশের লুট হওয়া গোলাবারুদ বলে ধারণা করছে র্যাব। তবে এগুলো নিশ্চিতভাবে পুলিশের লুট হওয়া কার্তুজ কি না, তা যাচাই-বাছাই ও প্রয়োজনীয় পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীনগরের মধ্য বাঘড়া এলাকা থেকে ৫০টি শটগান কার্তুজ সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো পুলিশের লুট হওয়া গোলাবারুদ। বিষয়টি যাচাই করা হচ্ছে।
আরও পড়ুন: নিখোঁজের ৫ দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩
র্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন থানায় হামলা ও লুটপাটের ঘটনায় অস্ত্র ও গোলাবারুদ লুট হওয়ার সুযোগ তৈরি হয়। এসব অস্ত্র ও গোলাবারুদ যাতে অপরাধী বা সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার হতে না পারে, সে লক্ষ্যে র্যাব গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রেখেছে।





