হজ নিবন্ধনের সময়সীমা বেড়েছে ১৬ অক্টোবর পর্যন্ত
চলতি বছরের হজ নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। আশানুরূপ নিবন্ধন না হওয়ায় সময় বাড়ানো ছাড়া বিকল্প ছিল না বলে জানিয়েছে মন্ত্রণালয়। এবারও বাংলাদেশের হজ কোটার বড় একটি অংশ খালি থেকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
আরও পড়ুন: শবে বরাত ২০২৬: ক্ষমা ও রহমতের রাতের তাৎপর্য ও ইবাদতের দিকনির্দেশনা
হজ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্যমতে, শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টা পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন সম্পন্ন করেছেন ২ হাজার ৯১২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৯ হাজার ১০৫ জন, সর্বমোট ২২ হাজার ১৭ জন হজযাত্রী। অথচ চলতি বছর বাংলাদেশের হজের মোট কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।
সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, রোববার (১২ অক্টোবর) ছিল হজ নিবন্ধনের শেষ দিন। তবে প্রত্যাশিত সাড়া না মেলায় সময় বাড়ানো হয়েছে। হজযাত্রীদের সুবিধার্থে শনিবারও হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকের শাখাগুলো খোলা রাখা হয়েছিল।
আরও পড়ুন: পবিত্র শবেবরাত আজ
ধর্ম মন্ত্রণালয় থেকে হজ এজেন্সিগুলোর কাছে পাঠানো এক তাগিদ পত্রে বলা হয়, সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী ২০২৬ সালের হজযাত্রী নিবন্ধনের সময়সীমা ১২ অক্টোবর শেষ হবে। কিন্তু এখন পর্যন্ত তালিকাভুক্ত ৩২৯টি এজেন্সি কোনো হজযাত্রী নিবন্ধনই করেনি।
হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬ অনুযায়ী, প্রতিটি এজেন্সিকে ন্যূনতম ৪৬ জন হজযাত্রী নিবন্ধন করতে হবে। কোনো এজেন্সি যৌক্তিক কারণ ছাড়া এই শর্ত পূরণে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এছাড়া ৪৮টি এজেন্সি কোনো প্রাক-নিবন্ধন বা প্রাথমিক নিবন্ধনই করেনি, তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, “অনেকে সম্প্রতি ওমরাহ পালন করায় হজে আগ্রহ কম দেখাচ্ছেন। অনেকের ভুল ধারণা—ওমরাহ করলেই আর হজের প্রয়োজন নেই—এটিও সাড়া কমার একটি কারণ।”
তিনি আরও বলেন, “শেষ মুহূর্তে নিবন্ধনের সংখ্যা বাড়বে। তাছাড়া এ বছর প্রক্রিয়াটি অনেক আগেই শুরু হওয়ায় অনেকেই বিষয়টি বুঝে উঠতে পারেননি।”
উল্লেখ্য, সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।





