ক্ষতিপূরণসহ বাংলাদেশকে ৩টি সুবিধা দিতে চলেছে আইসিসি

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ন, ০৯ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:১০ অপরাহ্ন, ০৯ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেয় গত ২৪ জানুয়ারি। এরপর স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে বিশ্বকাপের প্রস্তুতি এগিয়েছে স্বাভাবিক গতিতেই। তবে ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার বিশ্বকাপে ভারত-ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ার পর অস্বস্তিতে পড়ে আইসিসি। যার জেরে রবিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বৈঠক করতে লাহোরে যান আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা।

আইসিসির প্রতিনিধি পাকিস্তানে যাওয়ার আগেই একই দিন সকালে লাহোরে পৌঁছান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর যোগ দেন আইসিসির সঙ্গে বৈঠকেও। গত রবিবার রাতেই লাহোরে বৈঠক শেষ করে পাকিস্তান ছাড়েন আমিনুল। 

আরও পড়ুন: বিশ্বকাপের আগে ফ্লোরিডা নিয়ে সতর্কতা, ‘অনিরাপদ গন্তব্য’ বলছে সংস্থাগুলো

পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে, ভারত-ম্যাচ বয়কটবিষয়ক আলোচনায় পিসিবি বাংলাদেশের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসি ও বিসিবির মধ্যকার আলোচনায় পিসিবি মূল সমন্বয়কারীর ভূমিকা পালন করেছে। এই আলোচনায় বড় লাভবান হতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জানাচ্ছে পাক সংবাদ মাধ্যম। জিও টিভি জানিয়েছে, ক্ষতিপূরণসহ বিসিবিকে ৩টি সুবিধা দিতে চলেছে আইসিসি। 

ভারতে খেলতে অস্বীকৃতি জানানোর ফলে এবারের বিশ্বকাপ থেকেই বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। এই পরিস্থিতিতে পাকিস্তানও ভারত ম্যাচ বয়কট করে বসে। আসছে ১৫ ফেব্রুয়ারির ওই ম্যাচ যদি আদতেই মাঠে না গড়ায়, সেক্ষেত্রে ৬১৫০ কোটি টাকার ক্ষতি হবে আইসিসির। 

আরও পড়ুন: ফাহিম আশরাফের ঝড়ো ইনিংসে পাকিস্তানের নাটকীয় জয়

মূলত এই ক্ষতির হাত থেকে রক্ষা পেতেই ম্যাচটা আয়োজনে মরিয়া হয়ে আছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। সে উদ্দেশে গত রবিবার বিকালে লাহোরে পিসিবি ও বিসিবিকে সঙ্গে নিয়ে আলোচনায় বসে আইসিসি। 

সূত্র অনুযায়ী, এই আলোচনা চলে পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে। তিন পক্ষই সমঝোতায় পৌঁছাতে আন্তরিক চেষ্টা করেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে অভিযোগগুলো তুলেছিল, আইসিসি সেগুলোর প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে। সূত্র বলছে, বাংলাদেশের অভিযোগ এবং অতীতের যেসব অবিচার তারা মনে করে, সেগুলো সমাধানে একটি ফর্মুলা তৈরি হয়েছে। 

আর সেই ফর্মূলা মোতাবেক বাংলাদেশকে ৩টি সুবিধা দেবে আইসিসি। প্রথমত বিশ্বকাপে না খেলায় ক্ষতিপূরণ পাবে বিসিবি। সঙ্গে বিশ্বকাপের লভ্যাংশও পাবে বাংলাদেশ। আর তৃতীয় সুবিধাটা হচ্ছে– আগামীতে ভারতে কোনো টুর্নামেন্ট হলে হাইব্রিড মডেলে খেলতে দেওয়া হবে।