রেকর্ড গড়ে জিম্বাবুয়েকে হারালো ওয়েস্ট ইন্ডিজ
ওয়াংখেড়ে স্টেডিয়াম-এ ম্যাচের শুরুতে ব্যাট হাতে রেকর্ড গড়া, শেষটাও হলো রেকর্ড জয় দিয়ে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ১০৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল-কে। টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে এটিই সবচেয়ে বড় ব্যবধানের জয়। এর আগে শ্রীলঙ্কা ক্রিকেট দল ওমানকে ১০৫ রানে হারিয়ে সর্বোচ্চ ব্যবধানের রেকর্ড গড়েছিল।
জিম্বাবুয়ের ব্যাটিং বিপর্যয়
আরও পড়ুন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি সাকিবের শ্রদ্ধা
২৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় জিম্বাবুয়ে। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই তিন ব্যাটার সাজঘরে ফেরেন। সপ্তম ওভারে পড়ে চতুর্থ উইকেট।
ব্রায়ান বেনেট ৫, মারুমানি ১৪, রায়ান বার্ল ০ এবং ডিওন মেয়ার্স ২৮ রান করেন।
আরও পড়ুন: মেঘলার ঘূর্ণিতে পাকিস্তান গুটিয়ে, ফাইনালে টাইগ্রেসরা
পঞ্চম উইকেটে টনি মুনয়োঙ্গাকে নিয়ে প্রতিরোধ গড়েন অধিনায়ক সিকান্দার রাজা। তবে প্রয়োজনীয় রানরেটের সঙ্গে তাল মেলাতে পারেননি তারা। রাজা করেন ২৭ রান, মুনয়োঙ্গা ১৪।
শেষদিকে ব্র্যাড ইভান্স ২১ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেললেও দলকে বড় হার থেকে বাঁচাতে পারেননি। জিম্বাবুয়ের ইনিংস থামে ১৪৭ রানে।
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে সফল গুদাকেশ মোতি—২৮ রানে ৪ উইকেট। আকেল হোসেন নেন ৩ উইকেট।
হেটমায়ার-পাওয়েলের বিধ্বংসী জুটি
টস জিতে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। শুরুতে ব্রেন্ডন কিং (৯) ও সাই হোপ (১৪) দ্রুত ফিরলেও এরপর শুরু হয় শিমরন হেটমায়ার-এর ঝড়।
ইনিংসের শুরুতে জীবন পেয়ে তা পুরোপুরি কাজে লাগান হেটমায়ার। রোভম্যান পাওয়েলকে সঙ্গে নিয়ে মাত্র ৫২ বলে গড়েন ১২২ রানের জুটি।
১৯ বলেই ফিফটি পূর্ণ করা হেটমায়ার ৩৪ বলে ৭ চার ও ৭ ছক্কায় ৮৫ রান করে আউট হন।
রোভম্যান পাওয়েল ৩৫ বলে ৫৯ রানের ইনিংস খেলেন।
শেষদিকে শেরফাইন রাদারফোর্ড (১৩ বলে ৩১*), রোমারিও শেফার্ড (১০ বলে ২১), জেসন হোল্ডার (৪ বলে ১৩) দ্রুত রান যোগ করেন। ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তোলে ২৫৪ রান।
এক ম্যাচে একাধিক রেকর্ড
* টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ দলীয় সংগ্রহ
* এবারের আসরে সর্বোচ্চ দলীয় রান
* বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস
সবার উপরে আছে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার করা ২৬০ রানের ইনিংস।
রেকর্ড গড়া ব্যাটিং ও বিধ্বংসী বোলিং মিলিয়ে একতরফা জয় তুলে নিয়ে বিশ্বকাপ মঞ্চে শক্ত বার্তা দিল ক্যারিবীয়রা।





