দায়িত্ব নেওয়ার ৫ দিনের মধ্যেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯:২১ পূর্বাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:৩৪ পূর্বাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেওয়ার এক সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই পদ ছাড়তে হচ্ছে কেটি জাচারিয়াকে। শুক্রবার (১৬ অক্টোবর) ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তা তাঁর দায়িত্ব থেকে সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আইনি পেশাগত যোগ্যতা নিয়ে বিতর্ক এবং সংবাদ ব্রিফিংয়ে তাঁর ভূমিকা নিয়ে সমালোচনার মধ্যেই এ সিদ্ধান্তের খবর সামনে এসেছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় ট্রাম্প জানান, দায়িত্ব নেওয়ার পর সংবাদমাধ্যমে সমালোচনার মুখে পড়ায় তিনি জাচারিয়াকে চাকরিটি নিয়ে নতুন করে ভাবতে বলেছিলেন। ট্রাম্পের ভাষ্য, এ ধরনের দায়িত্বে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করবেন কি না, তা বিবেচনা করতে পরামর্শ দিয়েছিলেন।

আরও পড়ুন: উত্তাল দিল্লিতে গণগ্রেফতার

গত ১২ অক্টোবর প্রেস সেক্রেটারির দায়িত্ব নেন জাচারিয়া। পরদিনই প্রথম সংবাদ ব্রিফিংয়ে অংশ নেন তিনি। এর আগে ক্যারোলিন লেভিটের স্থলাভিষিক্ত হওয়ার প্রস্তাব পাওয়ার কথা জানিয়েছিলেন তিনি।

দায়িত্ব নেওয়ার পর তাঁর আইন পেশায় কাজ করার দাবি নিয়ে প্রশ্ন ওঠে। ট্রাম্পও তাঁকে আইনজীবী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। বুধবার এক ইমেইল বিবৃতিতে জাচারিয়া বলেন, আন্তর্জাতিক লেনদেনসংক্রান্ত আইন নিয়ে কাজ করার জন্য তাঁর যথাযথ যোগ্যতা ছিল।

আরও পড়ুন: ইয়েমেনের এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

তবে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্য কিংবা ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় জাচারিয়ার আইনজীবী হিসেবে নিবন্ধন বা বার অ্যাসোসিয়েশনের সদস্যপদের প্রমাণ তারা খুঁজে পায়নি। পেপারডাইন ইউনিভার্সিটি ল স্কুলের এই স্নাতক বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জানান, তিনি বার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। যুক্তরাষ্ট্রে আইন বিষয়ে ডিগ্রি থাকলেই আইনজীবী হিসেবে কাজ করা যায় না; সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের বার অ্যাসোসিয়েশনে অনুমোদন পেতে হয়।

এদিকে, ট্রাম্প প্রশাসনের সংবাদমাধ্যমে প্রচারিত কার্যক্রম নিয়ে প্রেসিডেন্ট অসন্তুষ্ট ছিলেন বলে বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে। তাঁরা জানান, প্রশাসনের অর্জন আরও জোরালোভাবে তুলে ধরতে পারবেন—এমন একজন মুখপাত্র খুঁজছিলেন ট্রাম্প। তবে জাচারিয়ার বিদায়ের বিষয়ে মন্তব্য জানতে চেয়ে পাঠানো ইমেইলের তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি।

নতুন প্রেস সেক্রেটারি নিয়োগে তাড়াহুড়া করবেন না বলেও ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন ট্রাম্প।

জাচারিয়ার দ্রুত বিদায় ট্রাম্প প্রশাসনে স্বল্প সময় দায়িত্ব পালনের নজির হিসেবে আলোচনায় এসেছে। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে অ্যান্থনি স্কারামুচি মাত্র ১০ দিন যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। জাচারিয়ার বিদায়ের খবরের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্কারামুচি লেখেন, রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়, তবে অন্যের কষ্টে তিনি আনন্দ পান না।