আশুলিয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

Sadek Ali
সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:১৭ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার আশুলিয়ায় পথরোধ করে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দৈনিক বাংলাবাজার পত্রিকার আশুলিয়া প্রতিনিধি সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রধান।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে বাইপাইলের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জামাল হোসেন মুকুলের স্ত্রী মোছা. আলো বেগম (৪০) ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: টঙ্গীতে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ল ৯ দোকান

জিডি সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে শান্তিনগর এলাকায় সিদ্দিকের বাড়ির সামনে পৌঁছালে একদল ব্যক্তি তাঁর পথরোধ করেন। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ, মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

জাহাঙ্গীর আলম প্রধানের দাবি, এলাকাটি নির্জন থাকায় তিনি নিরাপত্তার জন্য সিদ্দিকের বাড়িতে আশ্রয় নেন। তাঁর চিৎকারে বাড়ির লোকজন বেরিয়ে এলে অভিযুক্তরা সরে যান। এ সময় অন্ধকারে আরও কয়েকজন সশস্ত্র অবস্থায় ছিলেন বলেও দাবি করেন তিনি। তাঁদের নেতৃত্বে কাউছার নামে এক ব্যক্তি ছিলেন বলে অভিযোগ তাঁর।

আরও পড়ুন: সুন্দরবনে মাছ শিকারের মামলায় চার জেলের পরিচয় নিয়ে বিভ্রান্তি

সাংবাদিক জাহাঙ্গীর আলমের অভিযোগ, জামাল হোসেন মুকুলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের পর থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। ওই সংবাদ প্রকাশের জেরেই এ ঘটনা ঘটে থাকতে পারে বলে তাঁর সন্দেহ।

এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফেরদৌস আলী বলেন,খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পেয়েছি।

অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত ও জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, জামাল হোসেন মুকুলের বিরুদ্ধে ‘মোনাভী অল বাংলাদেশ’ নামে একটি কোম্পানির মাধ্যমে বরগুনার আমতলীত এলাকা থেকে প্রায় ৩২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে অতীতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল।