কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৭

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৩৪ পূর্বাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:৩২ পূর্বাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে এ আগুন লাগে। ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে ৭টি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিরা পর্যটক বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

আরও পড়ুন: লালমনিরহাটে আগাম শীতের আমেজ, সবজি চাষে ব্যস্ত কৃষক

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, অগ্নিকাণ্ডে আরও অনেকে নিহত হয়ে থাকতে পারেন। তবে প্রকৃত হতাহতের সংখ্যা নির্ধারণ করতে সময় লাগবে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নেভাতে সকাল ৮টার দিকে তিনটি ইউনিট কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর রিসোর্টের ভেতরে উদ্ধার তৎপরতা শুরু করেন কর্মীরা।

আরও পড়ুন: টঙ্গীতে মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ল ৯ দোকান

আগুনে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভবনের ভেতরে আর কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হতে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। এদিকে অগ্নিকাণ্ডের পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কত এবং রিসোর্টে অগ্নিনিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা ছিল কি না—এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।