পাকিস্তানকে উড়িয়ে সুপার এইটে ভারত

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ন, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৯:৫৮ পূর্বাহ্ন, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সবচেয়ে আলোচিত ভারত–পাকিস্তান ম্যাচটি শেষ পর্যন্ত একপেশে লড়াইয়েই পরিণত হলো। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ৬১ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে ইন্ডিয়া জাতীয় দল। এই জয়ের ফলে সুপার এইটে খেলা নিশ্চিত করেছে সূর্যকুমার যাদবের দল।

তিন ম্যাচ শেষে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ভারত। অন্যদিকে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে  পাকিস্তান জাতীয় দল। তাদের ঠিক ওপরে অবস্থান করছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: নেপালকে বিদায় করে সবার আগে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

পাকিস্তানের ব্যাটিং ধস

১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। হার্দিক পান্ডিয়ার করা প্রথম ওভারেই আউট হন সাহিবজাদা ফারহান। এরপর জাসপ্রিত বুমরাহর তোপে দ্বিতীয় ওভারেই ফেরেন সাইম আইয়ুব ও সালমান আলী আগা। পাওয়ার প্লের আগেই সাজঘরে ফেরেন বাবর আজম।

আরও পড়ুন: নিউজিল্যান্ডকে হারিয়ে সবার আগে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা

চার উইকেট হারিয়ে ব্যাকফুটে পড়ে যায় পাকিস্তান। উসমান খান ও শাদাব খান কিছুটা প্রতিরোধ গড়লেও ম্যাচে ফেরাতে পারেননি দলকে। শেষ পর্যন্ত ১১৪ রানেই থামে পাকিস্তানের ইনিংস।

উসমান খান করেন সর্বোচ্চ ৪৪ রান। শাদাব খান ১৪, ফাহিম আশরাফ ১০ এবং শাহিন আফ্রিদি ২৩ রান যোগ করেন। বাকিরা কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

ইষাণের ঝড়ো ইনিংস

কলম্বোতে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। প্রথম ওভারেই অভিষেক শর্মাকে শূন্য রানে ফেরান তিনি।

চাপ সামলে দ্বিতীয় উইকেটে তিলক ভার্মাকে নিয়ে জুটি গড়েন ওপেনার ইশান কিষাণ। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তিনি। মাত্র ২৭ বলে অর্ধশতক পূর্ণ করেন এবং শেষ পর্যন্ত ৪০ বলে ৭৭ রানের দারুণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৩টি ছক্কা।

তিলক ভার্মা ২৪ রান করে আউট হন। এরপর সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়ার ছোট জুটিতে এগোয় দল। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করে ভারত।

৬১ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত, আর বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থান আরও পোক্ত করে।