২২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল
দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। মঙ্গলবার রাতে ম্যানচেস্টার সিটি বর্নমাউথকে হারাতে না পারায় উত্তর লন্ডনের ক্লাবটির শিরোপা নিশ্চিত হয়।
শিরোপার লড়াই টিকিয়ে রাখতে সিটির জয়ের বিকল্প ছিল না। তবে ম্যাচের ৩৯ মিনিটে জুনিয়র ক্রুপির গোলে পিছিয়ে পড়ে পেপ গার্দিওলার দল।
আরও পড়ুন: ইতিহাস গড়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
অতিরিক্ত সময়ে আর্লিং হালান্ড সমতা ফেরালেও জয়ের জন্য প্রয়োজনীয় দ্বিতীয় গোল আর করতে পারেনি ম্যানচেস্টার সিটি। ফলে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হয় আর্সেনাল।
শেষ বাঁশি বাজার পরই এমিরেটস স্টেডিয়ামের বাইরে উদ্যাপনে মেতে ওঠেন সমর্থকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে সতীর্থদের সঙ্গে উদ্যাপনের ছবি প্রকাশ করেন মিডফিল্ডার ডেকলান রাইস। সেখানে তিনি লেখেন, “আমি আগেই বলেছিলাম... কাজ শেষ।”
আরও পড়ুন: বিটিভিতে সরাসরি দেখা যাবে ফুটবল বিশ্বকাপ?
এটি আর্সেনালের ১৪তম ইংলিশ লিগ শিরোপা। ইংল্যান্ডের শীর্ষ লিগে তাদের চেয়ে বেশি শিরোপা জিতেছে শুধু লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড।
সর্বশেষ ২০০৩-০৪ মৌসুমে আর্সেন ওয়েঙ্গারের অধীনে অপরাজিত থেকে লিগ জিতেছিল আর্সেনাল। সেই দলটি ‘ইনভিন্সিবলস’ নামে পরিচিত।
এবার শুধু প্রিমিয়ার লিগ নয়, উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও উঠেছে মিকেল আর্তেতার দল। আগামী ৩০ মে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে তারা। জিততে পারলে প্রথমবারের মতো ইউরোপ সেরার মুকুটও উঠবে আর্সেনালের মাথায়।
২০১৯ সালে কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই মিকেল আর্তেতার প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা। এর আগে টানা তিন মৌসুম রানার্সআপ হয়ে হতাশ হতে হয়েছিল তাকে।
দৃঢ় রক্ষণভাগ ও সেট পিস থেকে ধারাবাহিক সাফল্যের ওপর ভর করেই এবার শিরোপা জিতেছে আর্সেনাল। ৩৭ ম্যাচে মাত্র ২৬ গোল হজম করেছে দলটি, যা লিগে সর্বনিম্ন। পাশাপাশি ১৯টি ম্যাচে প্রতিপক্ষকে গোল করতে দেয়নি তারা।





