শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে দারুণ লড়াই বাংলাদেশের

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ন, ০১ জুন ২০২৬ | আপডেট: ১১:৪২ অপরাহ্ন, ০১ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মালদ্বীপে অনুষ্ঠিত চার জাতির ফুটবল টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ১০ জন খেলোয়াড় নিয়েও দারুণ লড়াই করে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সোমবার মালদ্বীপের মালে স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচের শুরুতেই বাংলাদেশ কয়েকটি ভালো আক্রমণ তৈরি করলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি। অন্যদিকে শারীরিকভাবে শক্তিশালী ও প্রবাসী ফুটবলার সমৃদ্ধ পাকিস্তান দল আক্রমণে এগিয়ে থাকলেও শেষ মুহূর্তের ফিনিশিংয়ে দুর্বলতার কারণে গোল করতে পারেনি।

আরও পড়ুন: বিশ্বকাপের আগে ব্রাজিলের গোলবন্যা

বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করেন। একাধিক নিশ্চিত গোল রক্ষা করে তিনি দলের ড্র নিশ্চিত করতে বড় ভূমিকা রাখেন। বিশেষ করে ৬৭তম মিনিটে পাকিস্তানের একটি শক্তিশালী শট তিনি আংশিকভাবে রুখে দেন, যা পোস্টে লেগে ফিরে আসে।

ম্যাচের ৬২তম মিনিটে লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় বাংলাদেশ। অভিযোগ রয়েছে, ঘটনাটিতে সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও মঞ্জুরুর রহমানকে মাঠ ছাড়তে হয়, যা নিয়ে বাংলাদেশি খেলোয়াড়রা প্রতিবাদ জানান।

আরও পড়ুন: মেসিকে অধিনায়ক রেখেই ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার, নেই ডি মারিয়া

আক্রমণে পাকিস্তান কিছুটা এগিয়ে থাকলেও বাংলাদেশও কয়েকটি সুযোগ তৈরি করে। আব্দুল্লাহ ওমর দুটি গুরুত্বপূর্ণ সুযোগ মিস করেন। শেষ পর্যন্ত দুই দলই গোল করতে ব্যর্থ হলে ম্যাচটি ০–০ গোলে ড্র হয়।