মিসরকে হারিয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী ব্রাজিল
বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের ক্লিভটনের হান্টিংটন ব্যাংক ফিল্ডে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মিসরকে ২-১ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।
এর আগে পানামার বিপক্ষে ৬-২ গোলের বড় জয় পাওয়া ব্রাজিল বিশ্বকাপের প্রস্তুতি পর্ব শেষ করল টানা দুই জয়ে। দুই ম্যাচে তারা মোট ৮ গোল করেছে, যা দলটির আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।
আরও পড়ুন: মার্টিনেজ ও সিমিওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথম ১১ মিনিটেই আসে দুটি গোল। মিসরের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্রুনো গিমারায়েস ব্রাজিলকে এগিয়ে দেন। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সেলেসাওরা। মার্কুইনিয়োসের ভুল ব্যাক-পাসের সুযোগ নিয়ে দ্রুতই সমতা ফেরান মোস্তফা জিকো।
১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
আরও পড়ুন: প্রতিবাদের মুখে সিদ্ধান্ত বদল করলো ফিফা
বিরতির পর পুরো দলেই বেশ কিছু পরিবর্তন আনেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেই ম্যাচের পার্থক্য গড়ে দেন তরুণ তারকা এন্দ্রিক।
রাফিনিয়ার নিখুঁত পাস থেকে দারুণ এক শটে বল জালে পাঠিয়ে ব্রাজিলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত সেই ব্যবধান ধরে রেখেই জয় নিশ্চিত করে ব্রাজিল।
ম্যাচের শেষ দিকে সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালায় মিসর। তবে ব্রাজিলের রক্ষণভাগ ছিল বেশ সংগঠিত। ফলে আর কোনো গোল করতে পারেনি আফ্রিকার প্রতিনিধিরা।
অন্যদিকে মিসরের গোলরক্ষক মোস্তফা শোবেইর ছিলেন দলের অন্যতম সেরা পারফরমার। তিনি একাধিক নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে দেন। বিশেষ করে ভিনিসিয়ুস জুনিয়র ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লির কয়েকটি আক্রমণ দুর্দান্ত দক্ষতায় প্রতিহত করেন তিনি।
বিশ্বকাপের আগে টানা দুই জয় ব্রাজিলকে বাড়তি আত্মবিশ্বাস দিলেও লড়াকু পারফরম্যান্স করে ইতিবাচক বার্তা পেয়েছে মিসরও। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দিয়ে মাঠ ছেড়েছে আফ্রিকার দলটি।





