তিন সড়কের কাজ দ্রুত শেষ করা হবে, বদলে যাবে যোগাযোগব্যবস্থা: এমএ মান্নান এমপি

Shahrier Islam Pallab
ফরিদ আহমেদ,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ৮:৪৫ অপরাহ্ন, ২৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‘এই তিনটি রাস্তার নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা হবে। এতে এলাকার মানুষের যাতায়াতে আমূল পরিবর্তন আসবে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।’ —বলেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিনটি সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও একটি কালভার্ট নির্মাণকাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: সারাদেশে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা

এদিন সকাল ১০টায় উপজেলার ওয়ারুক গ্রামের মরহুম দারু ডিলারের বাড়ি থেকে মিরপুর শিশু-কিশোর মডেল কেজি স্কুল পর্যন্ত সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য। এ ছাড়া কাজলিয়া বাজারের পাশে মহেশ রোডে একটি কালভার্ট নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি। একই দিনে ভাতুরিয়া জিপিএস রোড থেকে পুকুরপার জিপিএস রোড পর্যন্ত ৮১৫ মিটার সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

আবদুল মান্নান বলেন, সড়কগুলো নির্মিত হলে স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে। কৃষকেরা তাঁদের উৎপাদিত কৃষিপণ্য সহজে উপজেলা সদরে পরিবহন করতে পারবেন। উন্নত যোগাযোগব্যবস্থা স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন: সাহেবের আলগা ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

রাজনৈতিক প্রসঙ্গে সংসদ সদস্য অভিযোগ করেন, গত নির্বাচনে ‘ফুটবল’ ও ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হয়েছে। বর্তমানে তাঁর উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বিতর্কিত করার চেষ্টা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে আবদুল মান্নান আরও অভিযোগ করেন, দলটি ভারতের সঙ্গে যোগাযোগ ও বৈঠকের মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলী, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ ও রহমত উল্লাহ, নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার সোহেল, শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মজিব, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহীন, আবুল কালাম আজাদ ও মঞ্জুরুল আলম মজনু, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক জাবেদুল ইসলাম, আসাদুজ্জামান বিপ্লব ও অনন্ত হীরাসহ স্থানীয় নেতৃবৃন্দ।