হাসানের জোড়া আঘাতে চাপে অস্ট্রেলিয়া

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৮:৫৯ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ৮:৫৯ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ডারউইনের ঘাসের উইকেটে শুরু থেকেই অস্ট্রেলিয়ার ওপেনারদের কঠিন পরীক্ষায় ফেলেছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। দুই দিকেই বল সুইং করিয়ে স্বাগতিক ব্যাটারদের অস্বস্তিতে রাখার পর ইনিংসের ১২ ও ১৪তম ওভারে পরপর দুই উইকেট তুলে নেন তিনি। ফলে ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়িয়েছে ৫২ রানে।

প্রথম সাফল্য আসে জ্যাক ওয়েদারল্ডকে ফিরিয়ে। অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া হাসানের বলে ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ওয়েদারল্ড। লিটন কুমার দাস সেটি ধরে নিলে ৪৫ রানে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ।

আরও পড়ুন: আফগানিস্তানের জয়ে ২০২৭ বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের

এরপর ক্রিজে থাকা ট্রাভিস হেড আক্রমণাত্মক হয়ে ওঠার চেষ্টা করেন। হাসানের প্রথম দুই বলে ৬ রান আদায় করে নেন অস্ট্রেলিয়ান এই ব্যাটার। তবে তৃতীয় বলেই ঘুরে যায় পরিস্থিতি। ভেতরের দিকে সামান্য সুইং করা হাসানের ডেলিভারি হেডের ব্যাটে লেগে সরাসরি স্টাম্পে আঘাত করে। এতে দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া।

এর আগে ২৩ বছর পর বাংলাদেশকে টেস্টে আতিথ্য দিতে নেমে ডারউইনে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। নতুন বলে স্বাগতিক ওপেনারদের ওপর চাপ তৈরি করেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। তবে শুরু থেকেই সুইং, গতি ও নিখুঁত লাইন-লেংথে হাসান ছিলেন বেশি কার্যকর। কয়েক দফায় হেড ও ওয়েদারল্ডকে বিপাকে ফেলার পর শেষ পর্যন্ত জোড়া উইকেট তুলে নিয়ে নিজের কার্যকারিতার প্রমাণ দেন তিনি।

আরও পড়ুন: ইনফান্তিনোর পদত্যাগ দাবি উয়েফা-এএফসি-কনকাকাফের, ফুটবলে নতুন সংকট