ডারউইন টেস্ট
মিরাজের ফিফটিতে ২০০ রানের লিড বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের দৃঢ় ব্যাটিংয়ে তৃতীয় দিনের শুরুতেই অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের রান ছাড়িয়ে বড় লিড নিয়েছে সফরকারীরা। লিড এখন ২০০ রান।
তৃতীয় দিনের ১৭ ওভার শেষ হতেই এই মাইলফলক স্পর্শ করে বাংলাদেশ। ১২৭ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৯৮ রান। মিরাজ ১২২ বলে ৫২ রান করে অপরাজিত রয়েছেন। তার সঙ্গে ক্রিজে আছেন তাসকিন আহমেদ, তার সংগ্রহ ১৬ বলে ৬ রান।
আরও পড়ুন: অস্ট্রেলিয়াকে ২২৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
দ্বিতীয় দিনের শেষভাগে দ্রুত তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে সেই পরিস্থিতি সামলে দলের হাল ধরেন মিরাজ। হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ জুটি গড়ার পর তৃতীয় দিনের শুরুতেও ব্যাট হাতে লড়াই চালিয়ে যান এই অলরাউন্ডার।
১১৭ বল মোকাবিলা করে পাঁচটি চারের সাহায্যে ক্যারিয়ারের দশম টেস্ট অর্ধশতক পূর্ণ করেন মিরাজ। তার ব্যাটিংয়ে বাংলাদেশের ইনিংস আবারও বড় সংগ্রহের পথে এগিয়ে যায়।
আরও পড়ুন: ১৫৩ রানের লিড বাংলাদেশের
তৃতীয় দিনের সকালে তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদের সঙ্গে আলাদা দুটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন মিরাজ। এর মধ্যে তাসকিনকে নিয়ে নবম উইকেটে ইতোমধ্যে ২৪ রান যোগ করেছেন তিনি।
১২৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৮ উইকেটে ৩৯৬ রান। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ১৯৮ রানের দ্বিগুণের সমান রান করার পর পরের ওভারেই আরও দুই রান যোগ করে লিড ২০০-তে পৌঁছে যায়।
মিরাজের ব্যাটিংয়ের পাশাপাশি লোয়ার অর্ডারের ব্যাটারদের দৃঢ়তায় বাংলাদেশ এখন বড় লিডের পথে। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের পরই বোঝা যাবে ডারউইন টেস্টে বাংলাদেশের জয়ের সম্ভাবনা কতটা শক্ত অবস্থানে রয়েছে।





