প্রতিপক্ষের জালে ঠিকই ৭ গোল করে বসবে তারা: মরিনহো

Shahrier Islam Pallab
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০২ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৪১ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লা লিগায় রিয়াল বেটিসের কাছে অপ্রত্যাশিত হারের পর দুর্দান্তভাবে জয়ের ধারায় ফিরেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রায়ো ভায়েকানোকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে লস ব্লাঙ্কোসরা। দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। ম্যাচে জোড়া গোল করে রিয়ালের আক্রমণভাগের নেতৃত্ব দেন তিনি।

রিয়ালের হয়ে বাকি দুটি গোল করেন আলভারো কারেরাস ও জুড বেলিংহাম। ম্যাচজুড়ে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়েছে স্বাগতিকরা। ৫৬ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে রায়োর গোলপোস্টে ২৪টি শট নেয় রিয়াল, যার ১১টি ছিল লক্ষ্যে। বিপরীতে রায়ো ১৮টি শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছে সাতটি।

আরও পড়ুন: পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা

ম্যাচ শেষে দলের আক্রমণাত্মক পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন রিয়াল কোচ জোসে মরিনহো। বেশ কিছু সুযোগ নষ্ট হওয়ায় আক্ষেপ থাকলেও নিয়মিত গোলের সুযোগ তৈরি করতে পারায় আশাবাদী তিনি। মরিনহোর বিশ্বাস, এভাবে সুযোগ তৈরি করতে থাকলে খুব শিগগিরই কোনো ম্যাচে সাত গোলও করে ফেলতে পারে তাঁর দল।

দলের কৌশল নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন পর্তুগিজ এই কোচ। দীর্ঘ সময় বল নিজেদের দখলে রেখে ধীরগতির ফুটবলের পরিবর্তে সরাসরি ও আক্রমণাত্মক ফুটবলেই বেশি বিশ্বাসী তিনি। প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নেওয়ার পর দ্রুত আক্রমণে ওঠা এবং হাই প্রেসের মাধ্যমে চাপ তৈরি করাই তাঁর দলের অন্যতম কৌশল।

আরও পড়ুন: ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়

রায়ো ভায়েকানোর বিপক্ষে বড় জয়ের ফলে লা লিগার পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও শক্ত করেছে রিয়াল মাদ্রিদ। পাঁচ ম্যাচে চার জয় ও এক পরাজয়ে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে শীর্ষে রয়েছে বার্সেলোনা, যদিও তারা রিয়ালের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে।