১০২ রানে অলআউট বাংলাদেশ, শ্রীলঙ্কার কাছে খোয়াল ব্রোঞ্জ

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ন, ০৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:৫৭ পূর্বাহ্ন, ০৩ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়ার করোগি অ্যাথলেটিক পার্কে হাজির হয়েছিলেন বাংলাদেশি প্রবাসীরা। তবে শেষ পর্যন্ত তাদের হতাশ হতে হয়েছে। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে ব্রোঞ্জ পদকের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১০২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ফলে ৬৩ রানের বড় ব্যবধানে হেরে ব্রোঞ্জ পদকও হাতছাড়া হয়েছে লাল-সবুজের দলের।

এবারই প্রথম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়া দেশে ফিরছে বাংলাদেশ।

আরও পড়ুন: রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে হারাল পর্তুগাল

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম দুই ওভারেই দুই ওপেনারকে হারায় দলটি। সাইফ হাসান কোনো রান না করেই ফেরেন। অধিনায়ক লিটন দাসও প্রথম বলেই বোল্ড হয়ে গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ফেরেন।

এরপর বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যানরাও ইনিংস ধরে রাখতে পারেননি। চারজন ব্যাটার কোনো রান করতে পারেননি। একের পর এক বাজে শটে উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

আরও পড়ুন: তাওহিদ হৃদয়ের ঝড়েও পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ

৯ নম্বরে ব্যাট করতে নেমে নাসুম আহমেদ দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন। এছাড়া ইয়াসির আলি রাব্বি ২১ এবং পারভেজ হোসেন ইমন ২০ রান করেন। শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে ১০২ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

শ্রীলঙ্কার হয়ে নুয়ান থুসারা, থারিন্দু রত্নায়েকে, বিজয়াকান্ত বিয়াসকান্ত ও ওয়ানুজা সাহান দুটি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। বাংলাদেশের স্পিন আক্রমণের সামনে শুরুতেই চাপে পড়ে তারা। মাত্র ২১ রানে চার উইকেট হারায় লঙ্কানরা।

আলিস আল ইসলাম প্রথম স্পেলে দুর্দান্ত বোলিং করেন। তিন ওভারে মাত্র ৭ রান দিয়ে একটি উইকেট নেন তিনি। তাঁর ১৮ বলের ১২টিই ছিল ডট বল।

শেখ মেহেদী হাসানও বল হাতে কার্যকর ছিলেন। চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন তিনি। অন্যদিকে সাইফ হাসান দুই ওভারে ১৮ রান দিয়ে দুটি উইকেট নেন।

তবে শেষ দিকে শ্রীলঙ্কার ব্যাটাররা ঘুরে দাঁড়ান। ১৩ ওভারের পর বল পুরোনো হয়ে যাওয়ায় মুস্তাফিজুর রহমানকে আক্রমণে আনেন অধিনায়ক লিটন দাস। নিজের প্রথম ওভারেই ২৫ রান দেন মুস্তাফিজ। এরপর সাহান আরাচ্চিগে ও থারিন্দু রত্নায়েকে দ্রুত রান তুলতে থাকেন।

১৮ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ১৪৭ রান, তখন তাদের ৫ উইকেটের পতন হয়েছিল। এরপর মুস্তাফিজ নিজের তৃতীয় ওভারে কিছুটা ছন্দে ফেরেন। প্রথম বলেই ৩২ বলে ৬৫ রান করা থারিন্দু রত্নায়েকেকে আউট করেন। ওই ওভারে আরেকটি উইকেটসহ ৭ রান দেন তিনি।

শেষ ওভারে সাইফ হাসান আরও দুটি উইকেট তুলে নিলে ৯ উইকেটে ১৬৫ রানে ইনিংস শেষ করে শ্রীলঙ্কা। পরে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের সুযোগ নিয়ে সহজেই ব্রোঞ্জ পদক নিশ্চিত করে লঙ্কানরা।