আর্জেন্টিনার জার্সিতে আবারও মাঠে নামছেন মেসি

Shahrier Islam Pallab
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮:৪৭ পূর্বাহ্ন, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:১৫ পূর্বাহ্ন, ২৭ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আর্জেন্টিনা জাতীয় দল থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন লিওনেল মেসি। তবে চলতি বছরই দেশের মাটিতে আবারও মাঠে নামতে দেখা যেতে পারে বিশ্বকাপজয়ী এই তারকাকে। উপলক্ষ আর্জেন্টাইন কিংবদন্তি কার্লোস তেভেজের বিদায়ি ম্যাচ। আগামী ২০ ডিসেম্বর বুয়েনস এইরেসের বিখ্যাত লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই বিশেষ ম্যাচ। 

মেসির অংশগ্রহণ নিশ্চিত করেছেন তেভেজ। শুধু তা-ই নয়, এক সময়ের ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোকেও আমন্ত্রণ জানিয়েছেন তেভেজ। রাজি হলে একই দলে খেলতে দেখা যেতে পারে দুই মহাতারকা মেসি ও রোনালদোকে।

আরও পড়ুন: পিছিয়ে পড়েও পিএসভিকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

গতকাল (২৬ নভেম্বর) মেসির অংশগ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন আয়োজকেরা। এর আগে ইংল্যান্ডের সাবেক ফুটবলার রিও ফার্ডিনান্ডের সঙ্গে সাক্ষাৎকারেও মেসির খেলার কথা জানিয়েছিলেন তেভেজ। ২০২২ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানানোর চার বছর পর নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষটা স্মরণীয় করে রাখতে চান আর্জেন্টিনার সাবেক এই ফুটবলার।

তবে সবচেয়ে বড় আকর্ষণ হতে পারেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডে ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত একসঙ্গে খেলেছেন তেভেজ ও পর্তুগিজ মহাতারকা। তাই পুরোনো সতীর্থকে নিজের বিদায়ী ম্যাচে পেতে চান তিনি। 

আরও পড়ুন: অ্যাস্টন ভিলাকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে গালাতাসারায়ের টানা তৃতীয় জয়

এ নিয়ে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ইনফোবেকে তেভেজ বলেছেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো কি মেসির সঙ্গে খেলবে? এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। বিষয়টি আলোচনায় আছে। নিশ্চিত হতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।’

ম্যাচটিতে বোকা জুনিয়র্সের সাবেক ও বর্তমান তারকাদের সঙ্গে খেলবেন তেভেজের আন্তর্জাতিক অঙ্গনের সতীর্থরাও। থাকবেন সের্হিও আগুয়েরো, জিয়ানলুইজি বুফন, এডউইন ফন ডার সার, রিও ফার্ডিনান্ড ও লিয়ান্দ্রো পারেদেসের মতো তারকারা। বোকা দলের কোচ হিসেবে থাকার কথা কার্লোস বিয়াঞ্চির, অন্য দলের দায়িত্বে থাকবেন রবার্তো মানচিনি।

তেভেজের স্বপ্ন শুধু মাঠে বিদায়ী ম্যাচ খেলা নয়, অতিথিদের নিজের শিকড়ের সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়া। সে জন্য তাদের নিয়ে যেতে চান নিজের বেড়ে ওঠার এলাকা ফুয়ের্তে আপাচেতে। তার ভাষায়, ‘আমি চাই, তারা আমার এলাকার সঙ্গে পরিচিত হোক, আমার সংস্কৃতি জানুক, আমি কোথা থেকে এসেছি, সেটা বুঝুক।’

সব মিলিয়ে আর্জেন্টিনার মাটিতে আবারও মেসির খেলা নিশ্চিত। এখন ফুটবলপ্রেমীদের চাওয়া, রোনালদোও শেষ পর্যন্ত তারকাদের মিলনমেলায় যোগ দিন।