হজযাত্রীদের জন্য সুখবর দিলেন প্রধানমন্ত্রী
হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আসন্ন হজের বিমানভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
আরও পড়ুন: এবার আরও হার্ডলাইনে সরকার
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তাভাবনা ও সদিচ্ছায় দেশের মসজিদগুলোতে দায়িত্ব পালনকারী ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে মসজিদের খেদমতে নিয়োজিত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা নিশ্চিত করা সম্ভব হবে। ধর্মমন্ত্রী বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান ও আলেম-ওলামাদের কল্যাণে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। হজযাত্রীদের খরচ কমানোসহ ধর্মীয় অঙ্গনের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সরকার।
বক্তব্যে মধুপুরের পীর সাহেব হজরত মাওলানা আব্দুল হামিদসহ দেশের সব আলেম-ওলামার প্রতি দেশের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণের জন্য দোয়া করার আহ্বান জানান তিনি। মধুপুর মাদরাসার মহাপরিচালক, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হজরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের সভাপতিত্বে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ কাসেমী অনুষ্ঠান পরিচালনা করেন।
আরও পড়ুন: ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার
মাহফিলে বয়ান পেশ করেন সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা হাসান জামিল ও মাওলানা গাজী ইয়াকুব উসমানীসহ বিশিষ্ট আলেমরা। এতে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশ নেন।





