নতুন সিরিতে বিশেষ সুবিধা আনতে পারে অ্যাপল

Any Akter
প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৬:১২ অপরাহ্ন, ১৯ মে ২০২৬ | আপডেট: ৭:০৭ অপরাহ্ন, ১৯ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অ্যাপলের ভার্চ্যুয়াল সহকারী সিরিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। নতুন সংস্করণে চ্যাট স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলার সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সিরিকে আরও বেশি ব্যক্তিগত তথ্য সুরক্ষাকেন্দ্রিক হিসেবে উপস্থাপন করতে চায় প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।

আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ডব্লিউডব্লিউডিসিতে (WWDC) নতুন সিরি উন্মোচনের পরিকল্পনা রয়েছে। প্রযুক্তিবিষয়ক সাংবাদিক মার্ক গারম্যানের প্রতিবেদনে বলা হয়েছে, এবারের সিরিতে প্রাইভেসি বা গোপনীয়তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেবে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন: ইনস্টাগ্রামে এলো ‘ইনস্ট্যান্টস’ ফিচার

নতুন সিরিকে ঘিরে প্রযুক্তি বিশ্বে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কারণ সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় ওপেনএআইয়ের চ্যাটজিপিটি, গুগলের জেমিনি এবং মাইক্রোসফটের এআই সেবার তুলনায় অ্যাপলের উপস্থিতি তুলনামূলক কম দৃশ্যমান ছিল। ফলে নতুন সিরিকে অ্যাপলের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল প্রথমবারের মতো আলাদা একটি সিরি অ্যাপ চালু করতে পারে। এটি গুগলের জেমিনি প্রযুক্তিচালিত হতে পারে এবং ব্যবহারকারীরা চ্যাটবটের মতো অভিজ্ঞতা পাবেন। অর্থাৎ প্রশ্নের উত্তর আরও স্বাভাবিক ভাষায় দিতে পারবে সিরি এবং দীর্ঘ কথোপকথন চালিয়ে যেতে সক্ষম হবে।

আরও পড়ুন: ‘সুপার অ্যাপ’ হতে চায় উবার, যুক্ত হচ্ছে নতুন ফিচার

তবে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় নিজেদের আলাদা অবস্থানে তুলে ধরতে ব্যবহারকারীর তথ্য সুরক্ষাকে সামনে আনতে চায় অ্যাপল। নতুন সিরিতে এমন একটি ফিচার থাকতে পারে, যেখানে ব্যবহারকারী চাইলে নির্দিষ্ট সময় পর চ্যাট স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। এই সুবিধা অনেকটা আইফোনের মেসেজেস অ্যাপের মতো কাজ করবে।

ব্যবহারকারীরা ৩০ দিন, এক বছর বা অনির্দিষ্ট সময় পর্যন্ত চ্যাট সংরক্ষণের অপশন বেছে নিতে পারবেন বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, এ ধরনের ফিচার ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য নিয়ে উদ্বেগ কিছুটা কমাতে পারে। কারণ বর্তমানে অনেক এআই সেবা ব্যবহারকারীর কথোপকথন দীর্ঘ সময় সংরক্ষণ করে এবং ভবিষ্যতে এআই মডেল উন্নয়নের কাজেও সেসব তথ্য ব্যবহার করা হয়।

তবে প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের এই প্রাইভেসিকেন্দ্রিক অবস্থান আংশিকভাবে কৌশলগতও হতে পারে। প্রতিদ্বন্দ্বী এআই সেবার তুলনায় সিরির সীমাবদ্ধতা বা দুর্বলতা আড়াল করতেও প্রতিষ্ঠানটি গোপনীয়তার বিষয়টি বেশি গুরুত্ব দিয়ে তুলে ধরতে পারে।

আরেকটি আলোচনার বিষয় হলো, ব্যবহারকারীর তথ্য সুরক্ষার কথা বলা হলেও নতুন সিরির কিছু নিরাপত্তা ও এআই অবকাঠামো গুগলের প্রযুক্তির ওপর নির্ভর করতে পারে। ফলে তথ্য ব্যবস্থাপনায় গুগলের ভূমিকা কতটা থাকবে, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বর্তমান এআই প্রতিযোগিতায় শুধু স্মার্ট উত্তর দেওয়াই বড় বিষয় নয়, বরং ব্যবহারকারীর তথ্য কতটা নিরাপদ থাকবে সেটিও সমান গুরুত্বপূর্ণ। আর সেই জায়গাতেই নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে চাইছে অ্যাপল।