স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর গাড়িতে প্রথম জাতীয় পতাকা

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ন, ২৬ মার্চ ২০২৬ | আপডেট: ১২:২৫ অপরাহ্ন, ২৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথম বারের মতো আজই তাঁর গাড়ির স্ট্যান্ডে জাতীয় পতাকা সংযুক্ত করা হয়েছে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে– আজ বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করতে যাওয়া-আসার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী গাড়িতে পতাকা উড়তে দেখা যায়। 

আরও পড়ুন: রাজধানীতে আজ মেট্রোরেল চলাচল বন্ধ, পরদিন থেকে স্বাভাবিক চলাচল

এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্যারেড - ২০২৬ অনুষ্ঠানেও জাতীয় পতাকাবাহী গাড়িতে আসেন প্রধানমন্ত্রী।

আজ বৃহস্পতিবার ভোরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

আরও পড়ুন: ঈদের আগের দিন ঢাকাছাড়া মানুষের ঢল, তবে যাত্রীচাপ কিছুটা কম

পুস্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। এসময় বিউগলের করুণ সুর বেজে ওঠে।

প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, তিন বাহিনীর প্রধানগণ, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ পরিবারের সদস্যগণ, কুটনীতিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন। 

পরে, দলীয় প্রধান হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় মন্ত্রিপরিষদের পক্ষেও পুস্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী।

পুস্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান স্মৃতিসৌধে উপস্থিত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরে, প্রধানমন্ত্রী তারেক রহমান স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

শহীদ জিয়া’র মাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা 

এদিকে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে– স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার সকালে, রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়া’র মাজারে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান। 

এরপর মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই আনুষ্ঠানিকতা শেষে বিএনপি চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পক্ষ থেকে দলের নেতা-কর্মীদের সাথে নিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

পরে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর সন্তানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।▫️