ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ভারি বৃষ্টির পূর্বাভাস

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ন, ০১ মে ২০২৬ | আপডেট: ২:৫৭ অপরাহ্ন, ০১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের ১৭ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

শুক্রবার (১ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: সন্ধ্যা থেকে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টির সতর্কতা, ৪৮ ঘণ্টা জুড়ে কালবৈশাখীর আশঙ্কা

আবহাওয়া অফিস জানিয়েছে, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন: বিভীষিকাময় ২৯ এপ্রিল: উপকূলজুড়ে আতঙ্কের স্মৃতি, সামনে বাড়ছে নতুন ঝুঁকি

আবহাওয়া অফিসের আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ সময় ঢাকাসহ দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সব বিভাগে এই ঝড়বৃষ্টির প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

জনসাধারণকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং নৌযান চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।