ঝড়-বৃষ্টির আশঙ্কা, ১৮ জেলার নদীবন্দরে সতর্ক সংকেত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৫৫ পূর্বাহ্ন, ০৭ মে ২০২৬ | আপডেট: ২:৫৫ অপরাহ্ন, ০৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কারণে ১৮ জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত দেওয়া অভ্যন্তরীণ নদীবন্দর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস

আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়ো আবহাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকায় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিও হতে পারে।

আরও পড়ুন: রাজধানীতে বজ্রপাতসহ তুমুল বৃষ্টি

সম্ভাব্য দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দেশের কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

তবে পরবর্তী ২৪ ঘণ্টায় কিছু এলাকায় বৃষ্টি থাকলেও দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তখন দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।