তাপপ্রবাহে পুড়ছে ৩৪ জেলা, ৮ বিভাগে বৃষ্টির আভাস
ঢাকাসহ দেশের ৩৪টি জেলা বর্তমানে তাপপ্রবাহের কবলে রয়েছে। জ্যৈষ্ঠের খরতাপে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠলেও সোমবার (১ জুন) দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টি হলেও আপাতত তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার (৩১ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে দেশের বেশির ভাগ অঞ্চলে বৃষ্টিপাত ছিল খুবই কম। রোববার সর্বোচ্চ ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারের টেকনাফে।
আরও পড়ুন: জুনে তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রি, তাপপ্রবাহ আরও বাড়ার আশঙ্কা
সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে দেশের বাকি এলাকাগুলোতে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরও পড়ুন: তিন জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, দেশের ৩৪টি জেলায় বর্তমানে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর প্রভাবে সোমবারও গরম আবহাওয়া অব্যাহত থাকবে। তবে তাপপ্রবাহের বিস্তৃতি কিছুটা কমে আসতে পারে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। আগামী ৩ জুন থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এছাড়া চলতি সপ্তাহে টেকনাফ উপকূলে মৌসুমি বায়ু অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে, যা বৃষ্টির প্রবণতা আরও বাড়াতে সহায়ক হবে।
এদিকে সোমবার সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।





