পাঁচ বিভাগে বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৬ | আপডেট: ১১:৫৫ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের পাঁচ বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ভারী বৃষ্টির কারণে ভূমিধসের উচ্চ ঝুঁকির সতর্কতা জারি করা হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি এবং ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুন: ১৬ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে সংকেত

এ ছাড়া পৃথক এক বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ভারতের মধ্য উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপ এবং উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে ১১ থেকে ১২ জুলাই পর্যন্ত কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, টানা ভারী বর্ষণের কারণে এসব পাহাড়ি জেলায় ভূমিধসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। বিশেষ করে পাহাড়ের ঢাল ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া অতিবৃষ্টির কারণে নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা, পাহাড়ি ঢল এবং যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

বর্ষা মৌসুমে সক্রিয় মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে দেশের পাহাড়ি অঞ্চলগুলোতে প্রায়ই ভারী বৃষ্টিপাত হয়। এতে ভূমিধসের ঝুঁকি বেড়ে যায় এবং জনজীবন ও যোগাযোগ ব্যবস্থায় প্রভাব পড়ে। তাই আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুসরণ করে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।